সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা হাসপাতালে সাপের আতঙ্ক। বৃহস্পতিবার হাসপাতাল চত্বর থেকে বিশালাকার বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে। এর আগে নার্সিং হস্টেলের সামনে ও একাধিক জায়গায় সাপ দেখা যায়। এদিন ফের সাপ ধরা পড়ায় আতঙ্কে ভোগেন রোগীর পরিজন ও স্বাস্থ্যকর্মীরা। কালনা মহকুমা হাসপাতাল চত্বরে পাঁচতলা সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। হাসপাতাল চত্বরের বেশকিছু জায়গায় ঝোপ-জঙ্গল ও আগাছায় ভরে গিয়েছে। সেকারণে সাপের উৎদ্রব বেড়েই চলেছে। বৃহস্পতিবার ব্লাড ব্যাঙ্কের পিছনের অংশে সাফাইয়ের কাজ চলছিল। সেইসময় এক সাফাইকর্মীকে তাড়া করে চন্দ্রবোড়া সাপটি। তিনি কোনওরকমে সরে প্রাণ বাঁচান। খবর যায় সাপ ধরার কর্মীর কাছে। তিনি এসে সাপটি ধরে নিয়ে যান। বনদপ্তরের হাতে তুলে দেবেন বলে জানান।
Advertisement
হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, আট একর জায়গাজুড়ে সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতাল চত্বর। চিকিৎসা পরিষেবা ও প্রশাসনিক ভবন ছাড়া বহু জায়গা ও পরিত্যক্ত আবাসন পড়ে রয়েছে। আমরা আগাছা পরিষ্কার করলেও তা বেশিদিন ঠিক থাকে না। ওইদিন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান ওই কর্মী। লোক ডেকে সাপটি ধরা হয়। আমরা নিয়মিত জঙ্গল পরিষ্কারের পরিকল্পনা নিয়েছি।



