সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার আমলে হাসিমারায় বিমানবন্দর হয়নি। এবার হাসিমারায় অসামরিক বিমানবন্দর তৈরিতে উদ্যোগী হলেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গা। বৃহস্পতিবার তিনি দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কে আর মোহন নাইডুকে চিঠি দিয়ে হাসিমারায় একটি অসামরিক বিমানবন্দর তৈরির আর্জি জানান।
Advertisement
মনোজ টিগ্গা বলেন, আলিপুরদুয়ারের জলদাপাড়ায় ও বক্সায় দেশ বিদেশের প্রচুর পর্যটক বেড়াতে আসেন। আলিপুরদুয়ারের পাশেই রয়েছে ভুটান ও নিম্ন অসম। রয়েছে ৬৮টি চা বাগান। এখানকার মানুষকে বিমান ধরতে ১৫০ কিমি দূরে বাগডোগরায় ছুটতে হয়। তাই দীর্ঘদিন ধরে হাসিমারায় একটি অসামরিক বিমানবন্দর তৈরির দাবি উঠেছে। বিজেপি এমপি বলেন, সেই জন্যই বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে হাসিমারায় বিমানবন্দর তৈরির আর্জি জানিয়ে চিঠি দিয়েছি। মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দেখা যাক কী হয়।



