Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁসখালি থেকে মানবপাচারের কিংপিন গ্রেপ্তার

হাঁসখালি থেকে মানবপাচারের কিংপিন গ্রেপ্তার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক মানব পাচারচক্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিস। এবার তদন্তকারীদের জালে ধরা পড়ল এই পাচার চক্রের অন্যতম মাথা। একটি বিশেষ অনুসন্ধানকারী দল অভিযান চালিয়ে হাঁসখালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সাগর বিশ্বাস ওরফে অপু নামে ওই পাচারচক্রের কিংপিনকে।  রানাঘাট জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলার প্রায় ২১৭ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। বিস্তীর্ণ এই এলাকাতেই মানবপাচার একটি লাভজনক কারবার। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতিতে ফুলেফেঁপে উঠেছে তাদের এই বেআইনি ব্যবসা। সম্প্রতি যেমন একাধিক অনুপ্রবেশকারী ধরা পড়েছে রানাঘাট জেলা পুলিসের জালে, তেমনই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক দালালের খোঁজও মিলেছে। আর্থিক লেনদেনের বিনিময়ে বেআইনি পথে সীমান্ত পারাপার করানোর কাজে যুক্ত ছিল গ্রেপ্তার হওয়া দালালরা। এবার সেই ধৃতদের জেরা করে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম কিংপিনকে ধরতে সক্ষম হয় রানাঘাট জেলা পুলিস। তদন্তকারীরা জানান, আন্তর্জাতিক মানবপাচার চক্রে সক্রিয়দের মধ্যে অন্যতম মাথা এই অপু। আদতে সে কৃষ্ণগঞ্জ থানা এলাকার তারকনগর সুকান্তপল্লির বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আপাতত ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি মাথাদের খোঁজ করছে তদন্তকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ