ঢাকা: শেখ হাসিনা ও তাঁর পরিবারের উপর চাপ আরও বৃদ্ধি করতে চাইছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পদ থেকে হাসিনা-কন্যা সাইমা ওয়াজেদকে সরানোর জন্য উদ্যোগী হয়েছে তারা। সাইমার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (এসিসি)। এক আধিকারিক জানিয়েছেন, হু’র পদ থেকে সাইমাকে সরানোর জন্য এসিসি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছে এই নিয়ে চিঠি পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গিয়েছে। হাসিনার কন্যা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পদে রয়েছেন। দিল্লির বাসিন্দা সাইমা পেশায় একজন সাইকোলজিস্ট। এছাড়া তিনি স্নায়ুসংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। গত বছরের ২৩ জানুয়ারি হু’র এগজিকিউটিভ বোর্ড সাইমাকে আঞ্চলিক ডিরেক্টর পদে মনোনীত করে।
Advertisement
এর আগে হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছিল তত্ত্বাবধায়ক সরকার। তদন্তের স্বচ্ছতার স্বার্থে ব্রিটেনের মন্ত্রিপদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। যদিও মহম্মদ ইউনুসের সরকার দাবি করেছিল, চাপের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিউলিপ। সাইমার প্রসঙ্গে বাংলাদেশের আইনজীবী মহলেরই একাংশ জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের অধীন কোনও সংস্থার পদে কেউ নিজের সামর্থ্যে থাকতেই পারেন। এক্ষেত্রে দেশের সরকার বদলালেও কোনও প্রভাব পড়বে না। তাই সাইমার আপতত নিজের পদে থাকতে কোনও বাধা নেই।



