ওয়াশিংটন: আসন্ন মার্কিন সফরের আগে বিপাকে সরসংঘচালক মোহন ভাগবত। ২৯ আগস্ট নিউ ইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ নামের অনুষ্ঠান আয়োজন করেছে আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগস (অ্যাহেড)। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধানের। এই পরিস্থিতিতে আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারির দাবি করল মার্কিন মুলুকের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা কমিশনের (ইউএসসিআইআরএফ) একাধিক সদস্য। শুধু তাই নয়, ভাগবতের অনুষ্ঠানে সৌজন্য দেখিয়ে যাতে কোনো মার্কিন কর্তাব্যক্তি হাজির না থাকেন, সেই আরজিও জানানো হয়েছে। ইউএসসিআইআরএফের প্রধান আসিফ মহম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, তিনি আরএসএসের সদস্য। আরএসএস তাঁর দল বিজেপির অভিভাবক সংগঠন। এই সংগঠনের একাধিক শাখা ভারতে খ্রিস্টান এবং মুসলিমদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারে মদত দিয়েছে। এখন আরএসএস প্রধান আমেরিকা সফরে আসছেন।’ ইউএসসিআইআরএফের কমিশনার জেনে মিলস বলেন, ‘সরকারের সঙ্গে জড়িত থাকলেও আরএসএস নেতাদের কূটনৈতিক সৌজন্য বা উচ্চপর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানো উচিত হবে না। এর পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা খর্ব করায় জড়িত আরএসএস নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মনোযোগ দিক সরকার।’ সংস্থার দুই শীর্ষকর্তার বক্তব্য প্রকাশিত হয়েছে ইউএসসিআইআরএফের এক্স হ্যান্ডলে। গত মার্চেও ইউএসসিআইআরএফের তরফে ভারতে আরএসএস, গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি করা হয়। এর বিরোধিতা করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, বিচ্ছিন্ন ঘটনাগুলিকে বড়ো করে দেখানো হচ্ছে। আমেরিকাতেও হিন্দুরা আক্রান্ত হয়।



