ঢাকা (পিটিআই): সাড়ে তিন দশক পর রাষ্ট্রপতি পদে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা। সেই নির্বাচনে বৃহস্পতিবার প্রত্যাশিতভাবেই জয়ী হলেন ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির। ৭৮ বছর বছরের এই প্রবীণ বিএনপি নেতা পরাস্ত করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান তথা জামাত-ই-ইসলামি নেতৃত্বাধীন ১১ বিরোধী দলের জোট মনোনীত প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) ওলি আহমেদকে। একথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার তথা রিটার্নিং অফিসার এ এম এম নাসির উদ্দিন। আজ শুক্রবার সন্ধ্যায়, বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন আলমগির। মুখ্য নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আলমগির পেয়েছেন ২৫৫টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ওলি আহমেদের ঝুলিয়ে গিয়েছে মাত্র ৮৮টি ভোট। ১৯৯১ সালের পর থেকে এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা হল। মাঝের সাড়ে তিন দশকে রাষ্ট্রপতিরা নির্বাচিত হয়েছেন মূলত রাজনৈতিক ঐক্যমত্য কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই অসুস্থতার কারণ দেখিয়ে গত মাসে রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা মহম্মদ সাহাবুদ্দিন। তিনি পদত্যাগ করাতেই রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।



