নাগপুর: রনজি ফাইনাল জমে উঠেছে। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিনে কেরলের প্রথম ইনিংস থামল ৩৪২ রানে। সেই সুবাদে মূল্যবান ৩৭ রানের লিড পায় বিদর্ভ। ম্যাচের আরও দু’দিন বাকি। ফলে সরাসরি নিষ্পত্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Advertisement
এদিন অধিনায়ক শচীন বেবি টানছিলেন কেরলকে। তিনি করেন ৯৮। তাঁর ২৩৫ বলের ইনিংসে রয়েছে দশটি চার। আদিত্য সারভাতে অবশ্য সকালে বেশিক্ষণ থাকেননি। তিনি ফেরেন ৭৯ রানে। সেট হয়েও বড় রান করতে ব্যর্থ সলমান নিজার (২১), মহম্মদ আজহারউদ্দিন (৩৪), জলজ সাক্সেনাও (২৮)। শচীন বেবি ফিরতেই নামে ধস। কেরল পরের তিন উইকেট হারায় মাত্র ১৮ রানে। বিদর্ভের হয়ে দর্শন নালকান্ডে, পার্থ রেখাদে ও হর্শ দুবে তিনটি করে উইকেট নেন। এই মরশুমে বাঁ-হাতি স্পিনার হর্শ মোট ৬৯টি উইকেট নিলেন, যা রেকর্ড। এর আগে রনজির কোনও মরশুমে সর্বার্ধিক উইকেটের রেকর্ড ছিল বিহারের আশুতোষ আমনের। ২০১৮-১৯ মরশুমে তিনি নিয়েছিলেন ৬৮ উইকেট।



