Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে জমি নিয়ে সংঘর্ষে জখম ৪

হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে জমি নিয়ে সংঘর্ষে জখম ৪
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। জমি বাঁচাতে গিয়ে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন মা ও দুই ছেলে সহ চার জন। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। অভিযোগ, জমি মাফিয়াদের গ্রেপ্তার না করে উল্টে দুই কৃষককে গ্রেপ্তার করেছে পুলিস। জমি মাফিয়াদের মারধরে জখমরা হলেন মা রুনা স্বর্ণকার, দুই ছেলে মণীষ স্বর্ণকার ও নীতিশ স্বর্ণকার এবং পরিবারের আরও এক মহিলা চন্দা স্বর্ণকার। জখমরা সকলেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তরা বলেন, আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। জমি মাফিয়ারা গায়ের জোরে সেই জমি দখল করতে চাইছে। এদিন বাধা দিতে গেলে আমাদেরকে মারধর করেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনায় যুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা সাহেব দাস বলেন, আমি বৈধভাবে জমি কিনেছি। কাগজ রয়েছে। জমির চতুর্দিকে প্রাচীর দিয়েছি। চাষিরা জমির সামনের অংশটি দখল করে রেখেছে। এনিয়ে এদিন দুই পক্ষের মধ্যে বচসা হয়েছে। আমাদেরকেও মারধর করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ