‘জিন্দেগি না মিলেগি দোবারা’। হৃতিক রোশনের কেরিয়ারে এই ছবির গুরুত্ব কম নয়। শোনা যাচ্ছে, এবার এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। জোয়া আখতার নাকি তা নিয়ে কথাবার্তাও শুরু করেছেন। সূত্রের খবর, কাস্টিংয়ে কোনো পরিবর্তন করার পরিকল্পনা আপাতত নেই নির্মাতাদের। অর্থাৎ আগেরবারের মতোই মুখ্য চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতারকে। অভিনেতাদের সঙ্গে আলোচনা সেরেছেন জোয়া। প্রত্যেকেই নাকি আগ্রহী ছবিটির জন্য। গল্পে খানিক পরিবর্তন হচ্ছে। গল্প অনুযায়ী, এবার মুখ্য চরিত্রদের বয়স ৪০-এর কোঠায়। তাঁদের জীবনের নানা সমস্যাই হবে ছবির উপজীব্য। ইতিমধ্যে চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর মহিলাদের নিয়ে একটি রোড ট্রিপ ছবির পরিকল্পনা করেছিলেন ফারহান আখতার। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ ও আলিয়া ভাটকে মুখ্য চরিত্রে রেখে ভাবা হয়েছিল ‘জি লে জারা’। সেই ছবির কাজ এ বছরের মাঝামাঝি শুরু হতে পারে।



