Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেরোইন পাচারের আগেই রঘুনাথগঞ্জে ধৃত দুই যুবক

হেরোইন পাচারের আগেই রঘুনাথগঞ্জে ধৃত দুই যুবক
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার বিকেলে রঘুনাথগঞ্জে বাইকে হেরোইন পাচারের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস। ধৃতদের নাম আবু হেনা ও সফিউল শেখ। তাদের বাড়ি লালগোলা থানার মৃদাদপুর গ্রামে। তারা একটি বাইকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটকে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়। ওই হেরোইন তারা হাতবদল করতেই নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জেরায় জেনেছে বলে পুলিসের দাবি। তারা ঠিক কোথায় ও কার হাতে ওই হেরোইন তুলে দিত তা খতিয়ে দেখছে পুলিস। দু’টি মোবাইল সহ বাইকটি আটক করেছে পুলিস। উদ্ধার হওয়ায় মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে রঘুনাথগঞ্জ -২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, পুলিস দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম মাদক পাওয়া গিয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
জানা গিয়েছে, দুই  যুবক একটি কালে রঙের নতুন বাইকে চেপে ধনপতনগরে ভাগীরথী নদীর রাস্তা দিয়ে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে সাধারণত এলাকার মানুষই চলাচল করে। পুলিসের চোখে ধুলো দিতেই তারা এই পথ দিয়ে যাচ্ছিল বলে অনুমান পুলিসের। পুলিস তাদের বাইক থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিস। আর তখনই প্যান্টের পকেট থেকে একটি ছোটো সবুজ প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের ভেতরে প্লাস্টিকের অন্য প্যাকেটে হেরোইন পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিস তাদের গ্রেপ্তার করে। 
পুলিস জানিয়েছে, লালগোলা থেকে ওই হেরোইন নিয়ে তারা অন্য জায়গায় পৌঁছে দিতে যাচ্ছিল। ওই হেরোইন পৌঁছে দিতে পারলেই তারা পাঁচ হাজার করে টাকা পেত। মোটা টাকা লোভেই তারা হেরোইনের ক্যারিয়ার হিসেবে কাজ করছিল। ধৃত সফিউল শেখ বলে, রাজমিস্ত্রির কাজ করতাম। লালগোলাতে একজন বললো প্যাকেটটা পৌঁছে দিলেই পাঁচ হাজার করে দু'জনকে ১০ হাজার টাকা দেবে। টাকার লোভেই আমরা এই কাজ করেছি।
সম্পর্কিত সংবাদ