Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপুর ও বহরমপুরে পৃথক দুর্ঘটনায় মৃত ২

হরিহরপুর ও বহরমপুরে পৃথক দুর্ঘটনায় মৃত ২
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: হরিহরপাড়া ও বহরমপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ দুজনের। কুমরোদহ ঘাট এলাকায় দুর্ঘটনায় সোমবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে অঞ্জলি দাসের (৪২)। বাড়ি হরিহরপাড়া থানা এলাকায়। অন্যদিকে ১২ নম্বর জাতীয় সড়কে বহরমপুর বাইপাসে দুর্ঘটনায় মৃতের নাম সাইবুল  শেখ (৩৬)। বাড়ি কান্দি থানার হাটপাড়া। মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাইবুরের। দুটি ঘটনায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কুমরোদহ ঘাটে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন অঞ্জলিদেবী। স্থানীয় মানুষ তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন। সোমবার রাতেই সেখানে মৃত্যু হয়। মৃতের আত্মীয় অমর দাস বলেন, আমাদের অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অন্যদিকে সোমবার সন্ধ্যায় বেলডাঙা থানার বেগুনবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে যাবেন বলে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন সাইবুর। বাইপাস রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁর ফোন থেকেই পরিবারে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। পরিবারের লোকজন উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন। মৃতের আত্মীয় রফিকুল ইসলাম বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা জানিনা। এক ব্যক্তি সাইবুরের মোবাইল থেকে আমাকে ফোন করে দুর্ঘটনার খবর জানান। খবর পেয়ে আমরা ছুটে আসি।
সম্পর্কিত সংবাদ