নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বৃহস্পতিবার সাতসকালে হরিহরপাড়া থানার মামদালিপুরে যাত্রীবাহী ট্রেকার উল্টে ১০জন যাত্রী জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি যাত্রীবাহী ট্রেকার হরিহরপাড়ার দিক থেকে বহরমপুরের উদ্দেশে যাচ্ছিল। সেইসময় একটি ট্রেকার অপর ট্রেকারকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ট্রেকারটি রাস্তার উপরই উল্টে যায়। বিকট আওয়াজ পেয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিসও। স্থানীয় বাসিন্দারা বলেন, ট্রেকারে ১০জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ঘটনায় প্রত্যেকেই জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



