নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উৎসবের মরশুম কাটতে না কাটতেই শুরু হল বইয়ের উৎসব। শীতের মরশুমে জেলায় প্রথম বইমেলার উদ্বোধন হল হরিহরপাড়ায়। বুধবার দুপুরে হরিহরপাড়া ফুটবল ময়দানে জনকল্যাণ সমিতি আয়োজিত ১১তম বইমেলার উদ্বোধন করেন বিশিষ্টরা। হাজির ছিলেন বহরমপুর কলেজের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট শিক্ষাবিদ মৃণালকান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ প্রমুখ। এবারের বই মেলায় ৩২টি স্টল রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁরা বলেন, বুধবার থেকে শনিবার পর্যন্ত এই বইমেলা চলবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে এদিন বইমেলার শুরুতেই অঙ্কন ও আবৃত্তি সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।



