সংবাদদাতা, বহরমপুর: চা করার সময় অসর্তকতায় কাপড়ে আগুন লেগে মৃত্যু হল আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর। গত বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে গৃহবধূর বাপের বাড়ি হরিহরপাড়া থানার ডাঙাপাড়া গ্রামে। ছ’দিন চিকিৎসার পর মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম রেক্সনা খাতুন(২৪)। নওদা থানার ডাঙাপাড়ায় বিয়ে হয়েছিল। কোনও অভিযোগ হয়নি বলেই জানিয়েছে পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা রেক্সনা বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে রয়েছেন। গত বুধবার সকালে বাড়িতে কাঠের উনুনে চা করছিলেন। কোনওভাবে উনুনের আগুন কাপড়ে পড়ে ধরে যায়। উদ্ধার করার আগেই গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেদিন থেকেই চিকিৎসা চলছিল। সোমবার রাত থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। মৃতের দাদা নূর ইসলাম মণ্ডল বলেন, অন্তঃসত্ত্বা তাই আমাদের বাড়িতে এনেছিলাম। চা করার সময় অসর্তকতায় কাপড়ে আগুন ধরে গিয়েছিল। দ্রুত আগুন নেভানো হয়েছিল।



