Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় বোমাবাজির ঘটনায় পাকড়াও একজন

হরিহরপাড়ায় বোমাবাজির ঘটনায় পাকড়াও একজন
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জমি দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার হরিহরপাড়ার বহড়ান এলাকার বোমাবাজি হয়। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সমীর শেখ। তার কাছ থেকে চারটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিস। থানার এক অফিসার বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা আশরাফুল শেখ ও সাইফুল শেখ কয়েক বছর আগে বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় একটি চাষের জমি কেনেন। সেই জমিতে তাঁরা চাষাবাদও করেন। এলাকার কয়েকজন ব্যক্তি সেই জমি জবরদখল করার চেষ্টা করছিল। বৃহস্পতিবার সকালে সর্ষের খেতে সেচ দিতে যান আশরাফুল ও সাইফুল। সেই সময় কয়েক জন তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুই ভাইকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বেশ কয়েকটি বোমা ছোড়ে। এমনকী, তাদের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিস। ঘটনাস্থল থেকে বোমার খোল উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। 
সম্পর্কিত সংবাদ