Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় আবাস তালিকা থেকে সাড়ে তিন হাজার নাম বাতিল

হরিহরপাড়ায় আবাস তালিকা থেকে সাড়ে তিন হাজার নাম বাতিল
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অযোগ্য ব্যক্তিদের আবাসের তালিকায় জায়গা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে সার্ভে করে শুধুমাত্র হরিহরপাড়া ব্লকে তালিকা থেকে প্রায় সাড়ে তিন হাজার নাম বাদ গেল। এই সাড়ে তিন হাজার আবেদনকারী বাড়ি পাওয়ার যোগ্য নয় বলে জানিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। ব্লক অফিসের তরফে বৃহস্পতিবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। খবর চাউর হতেই আবাসের তালিকা দেখতে ব্লক অফিসে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ব্লকে বাড়ি পাওয়ার জন্য সাড়ে ন’হাজার আবেদন জমা পড়ে। তার মধ্যে সাড়ে তিন হাজার আবেদনকে যোগ্য নয় বলে ঘোষণা করা হয়েছে। বাড়ি থাকা সত্ত্বেও অনেকেই নানাভাবে আবেদন করে টাকা নেওয়ার চেষ্টা করছিলেন। হরিহরপাড়ার বিডিও ছেরিম জাম ভুটিয়া বলেন, সাড়ে ন’হাজার আবেদন জমা পড়েছিল। প্রাথমিক ভেরিফিকেশনের পর সাড়ে পাঁচ হাজার মানুষের তালিকা তৈরি করেছি। বাকি  আবেদনকারী প্রাথমিকভাবে এলিজিবল হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, যোগ্যদের আবাস তালিকায় সুযোগ দেওয়া উচিত। জেলা প্রশাসনের আধিকারিকরা এবার স্বচ্ছভাবে তালিকা তৈরির চেষ্টা করেছেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। যাঁদের সত্যিই মাথার উপরে ছাদ নেই, তাঁরাই যেন বাড়ি পান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ