নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বড় বড় হোর্ডিং-ব্যানারে নষ্ট হচ্ছে শিলিগুড়ি শহরের সৌন্দর্য। এই অভিযোগ তুলে লিগ্যাল এইড ফোরাম ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করল। তাদের দাবি, শহরের বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং এবং বিভিন্ন সরকারি পোলে বৈদ্যুতিক কিওস্ক দেখা যায়। দিনের পর দিন বিদ্যুৎ চুরি করে রাস্তার পোলে বেসরকারি কোম্পানিগুলি বিজ্ঞাপন দিয়ে চলেছে। দেদার হোর্ডিং ও বিজ্ঞাপনের জেরে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠক করে সংস্থার সভাপতি অমিত সরকার জানান, অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। এই কারণে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করতে বাধ্য হয়েছি।
Advertisement
পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন জানান, শহরজুড়ে বেআইনি কাজ হয়ে চললেও পুরসভার ভ্রুক্ষেপ নেই। যদিও বেআইনি হোর্ডিং ও বিজ্ঞাপনের বিষয়ে পুরসভার নজর আছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কোথাও কোনরকমের বেআইনি কাজ মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। রঞ্জনবাবু বলেন, আমরা অন্যায় কাজ রেয়াত করব না। সমস্ত বিষয়টি দেখা হবে।



