দেরাদুন: বৃহস্পতিবার হরিদ্বারের এক বেসরকারি হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হল এক নার্সের দেহ। মৃতের নাম সালোনি সিং (২৩)। তিনি হরিদ্বারের জামালপুর গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, তাঁদের কন্যাকে খুন করা হয়েছে। শুক্রবার এই ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিস।
Advertisement
হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন সালোনি। বৃহস্পতিবার ডিউটিতে এসেছিলেন। কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যান। তড়িঘড়ি পুলিসে খবর দেওয়া হয়। এরপর হাসপাতালের শৌচালয় থেকে ওই নার্সের দেহ উদ্ধার করা হয়। তরুণীর বাবা পুরান সিংয়ের অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেছেন, আমাদের মিথ্যা কথা বলা হচ্ছে। দ্রুত ন্যায়বিচার চাই। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। খুলে দেখা যায় মেঝেতে পড়ে রয়েছেন ওই নার্স। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্নও ছিল না। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



