মাদ্রিদ: লা লিগার খেতাবি দৌড়ে বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে লিড নিয়েও ১-২ ব্যবধানে বশ মানল কার্লো আনসেলোত্তি-ব্রিগেড। তার ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল লস ব্ল্যাঙ্কোসরা (২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট)। ম্যাচের ১০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম ডিয়াজ। তবে ৩৪ মিনিটে জনি কার্ডোসোর গোলে সমতায় ফেরে বেতিস। আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন ইসকো। এদিন একেবারেই ছন্দে ছিলেন না রিয়াল আপফ্রন্টের অন্যতম দুই ভরসা ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের বক্সে সেভাবে কোনও সুযোগই তৈরি করতে পারেননি তাঁরা। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবেন এমবাপেরা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের এমন পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখবে কোচ আনসেলোত্তিকে।
Advertisement
এদিকে, রবিবার রিয়াল সোসিদাদকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। এদিন কাতালন ক্লাবটির হয়ে গোল করেন যথাক্রমে জেরার্ড মার্টিন, মার্ক কাসাদো, রোনাল্ড আরাহো ও রবার্ট লিওয়ানডস্কি। লিগের অন্য ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। ৬৬ মিনিটে জাল কাঁপিয়ে ম্যাচের নায়ক জুলিয়ান আলভারেজ। এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এল আতলেতিকো (২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট)।



