Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যার ভিডিও করার আর্জি যুবকের

আত্মহত্যার ভিডিও করার আর্জি যুবকের
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের অঙ্কুরহাটির কাছে নিজের গলায় ব্লেড চালিয়ে জখম হন এক যুবক। তাঁকে উদ্ধার করতে আসা স্থানীয়দের হাতে নিজের ফোন দিয়ে ভিডিও তুলে দেওয়ার অনুরোধ করতে থাকেন তিনি। খবর পেয়ে ডোমজুড় থানার পুলিস এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, বিহারের বাসিন্দা ওই যুবকের নাম প্রশান্ত সিং রানা (৪৪)। স্থানীয় একটি কারখানায় কাজ করেন তিনি। প্রেম সংক্রান্ত টানাপোড়নের কারণেই এমন ঘটনা তিনি ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের অঙ্কুরহাটির বন্যাপাড়া এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক। আচমকা পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের গলায় বেশ কয়েকবার চালিয়ে দেন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন। উল্টে জখম যুবক নিজেই অন্য পকেট থেকে মোবাইল ফোন বের করে স্থানীয়দের দিকে এগিয়ে দিয়ে ভিডিও তুলে দিতে বলে বলেন। স্থানীয় দোকানদার মিঠুন নস্কর বলেন, ‘ছেলেটার গলা থেকে গল গল করে রক্ত ঝরছিল। আমরা উদ্ধার করতে গেলাম। উল্টে ও ভিডিও তুলে দিতে বলল। সেটা নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। এরপরেই পুলিসকে খবর দিই।’ জখম অবস্থায় যুবককে প্রথমে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিস। এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। প্রেমঘটিত কারণে এমন ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করলেও বিষয়টি খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ