Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঞ্জাবের হোটেলে হাওড়ার তরুণীকে ধর্ষণ, বউবাজার থেকে পাকড়াও যুবক

নরম পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

পাঞ্জাবের হোটেলে হাওড়ার তরুণীকে ধর্ষণ, বউবাজার থেকে পাকড়াও যুবক
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নরম পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। একবার নয়, একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই তরুণী হাওড়া থানায় যে অভিযোগ করেছেন, তাতে স্পষ্টই বলা হয়েছে, ধর্ষণের সময় ভিডিওগ্রাফি করার পর তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার তাঁকে ধর্ষণ করেছে ওই যুবক। তিনি ব্ল্যাকমেলিংয়ের শিকার। এই অভিযোগ পাওয়ার পর বউবাজার থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে অভিযুক্ত তেজিন্দার সিং ভাটিয়া ওরফে প্রিন্স ভাটিয়াকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে হাওড়া থানা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মী ওই তরুণী  ২০২৩ সালের অক্টোবরে পাঞ্জাবে পর্যটকদের নিয়ে যাবেন বলে হোটেল বুকিংয়ের চেষ্টা করছিলেন। সেইসূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয় সেখানকার কর্মী তেজিন্দার ওরফে প্রিন্সের। ২০২৪ সালের জুন মাসে তিনি পর্যটকদের নিয়ে পাঞ্জাবে যান। অভিযোগ, হোটেলে রাতে খাওয়ার পর তাঁকে নরম পানীয় খেতে দেওয়া হয়। সেটি খাওয়ার পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। ওই সময় তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত প্রিন্স। জ্ঞান ফিরলে দেখেন তাঁর পরনের পোশাক অবিন্যস্ত। অভিযুক্ত ক্ষমা চেয়ে নেওয়ায় স্থানীয় থানায় আর লিখিত অভিযোগ করেননি ওই তরুণী। গত মার্চ-এপ্রিলে পাঞ্জাবে পর্যটক নিয়ে গেলে তরুণী ফের ওই হোটেলেই ওঠেন। অভিযোগ, সেই সময় ধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে ফের ধর্ষণ করে ওই যুবক। এমনকী, তাঁর হাওড়ার বাড়িতে এসেও ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যায় সে। গত ২৬ সেপ্টেম্বর তরুণী হাওড়া থানায় অভিযোগ জানালে শনিবার প্রিন্সকে বউবাজার এলাকার একটি গেস্ট হাউস থেকে পাকড়াও করে পুলিশ। রবিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে সরকারি আইনজীবী তারাগতি ঘটক বলেন, অভিযুক্তের বিরদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তার মোবাইল বাজেয়াপ্ত করা হবে। ঘটনা পুনর্নিমাণ করতে পাঞ্জাবে যাবেন তদন্তকারীরা। সওয়াল শেষে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম দিশা বড়াই।

Advertisement
সম্পর্কিত সংবাদ