Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় স্নানে নেমে তলিয়ে গিয়ে হাওড়ার পর্যটকের মৃত্যু, হাসপাতালে বন্ধু

দীঘায় সমুদ্রে স্নানে নেমে তলিয়ে ফের পর্যটকের মৃত্যু হল। বৃহস্পতিবার ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে নেমে হাওড়ার বাসিন্দা দু’জন পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান।

দীঘায় স্নানে নেমে তলিয়ে গিয়ে হাওড়ার পর্যটকের মৃত্যু, হাসপাতালে বন্ধু
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘায় সমুদ্রে স্নানে নেমে তলিয়ে ফের পর্যটকের মৃত্যু হল। বৃহস্পতিবার ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে নেমে হাওড়ার বাসিন্দা দু’জন পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে এলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আর একজন প্রাণে রক্ষা পেলেও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতের নাম নারায়ণ শ(৪২)। তাঁর বাড়ি হাওড়ার লিলুয়া বলে জানা গিয়েছে। তিনি কর্মসূত্রে ওড়িশায় থাকতেন। হাসপাতালে ভর্তি শঙ্কর হাজরার বাড়ি হাওড়ার দাসনগর থানার কোনার মণ্ডলপাড়া এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ন’জনের পর্যটক দল বুধবার দীঘা বেড়াতে আসে। তাঁরা একটি হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার বেলার দিকে স্নানের জন্য ওল্ড দীঘার ১নম্বর ঘাটে যান ন’জন। তাঁরা সকলেই ঘাটে বসেছিলেন। ওই এলাকায় স্নান এমনিতেই পুলিস-প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ রয়েছে। কারণ ওই অংশে স্রোতের টান এবং ঘূর্ণি প্রচুর। তাই স্নান করা বিপজ্জনক। নারায়ণ ও শঙ্কর সমুদ্রে স্নান করতে নামছিলেন। বর্তমানে সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে। তাঁরা নামার সঙ্গে সঙ্গে ধেয়ে আসা একটি বড় ঢেউয়ের তোড়ে ভেসে যান। এদিকে ঘটনার পর কর্তব্যরত পুলিস বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে শঙ্করকে কোনওরকমে উদ্ধার করা হয়। এরপরই তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পর নারায়ণকে উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতের পরিবার-পরিজনকে খবর পাঠিয়েছে। দীঘা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা বলেন, ওই জায়গায় স্নান নিষিদ্ধ করা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকরা সেখানে স্নান করতে গিয়ে নিজেদেরই বিপদ ডেকে আনছেন। নেশাগ্রস্ত অবস্থায় কাউকে স্নান করতে নামতে দেখলে আইনানুগ পদক্ষেপ করা হবে।  উদ্ধার করা হচ্ছে পর্যটককে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ