Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে হাওড়ার একাধিক রাস্তার বেহাল দশা পুজোর আগে মেরামতে উদ্যোগী পুরসভা

টানা বৃষ্টিতে রাস্তা জুড়ে বাড়ছিল খানাখন্দ। জমা জল সরতেই বেরিয়ে এসেছে তার কঙ্কালসার চেহারা।

বৃষ্টিতে হাওড়ার একাধিক রাস্তার বেহাল দশা পুজোর আগে মেরামতে উদ্যোগী পুরসভা
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টানা বৃষ্টিতে রাস্তা জুড়ে বাড়ছিল খানাখন্দ। জমা জল সরতেই বেরিয়ে এসেছে তার কঙ্কালসার চেহারা। বেনারস রোড, বেলিলিয়াস রোড কিংবা ইস্ট ওয়েস্ট বাইপাস– হাওড়া শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তার এখন বেহাল দশা। তবে পুজোর আগেই এই রাস্তাগুলির হাল ফেরাতে উদ্যোগী হয়েছে হাওড়া পুরসভা। বৃষ্টি মাথায় নিয়ে তারা কেএমডিএর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।

Advertisement

চলতি বছরের লাগাতার বৃষ্টিতে হাওড়া শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল হয়ে পড়েছে। কোথাও পিচের আস্তরণ সরে বেরিয়ে এসেছে রাস্তার নীচের ইট। কোথাও আবার বসে গিয়েছে কংক্রিটের ব্লক। খানাখন্দ নেই, শহরে এমন রাস্তা এখন খুঁজে বের করাই দুষ্কর। গত বছর পুজোর আগে একাংশে পিচ বসিয়ে, বাকি অংশে কংক্রিটের আস্তরণ দিয়ে সংস্কার করা হয়েছিল শৈলেন মান্না সরণি। বছর ঘুরতেই রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও সেই গর্ত এতটাই গভীর যে, প্রায়দিনই উল্টে পড়ছে টোটো, বাইক। টিকিয়াপাড়া ইস্ট ওয়েস্ট বাইপাসের অবস্থাও বেহাল। নেতাজি সুভাষ রোড, নরসিংহ দত্ত রোডেও খানাখন্দ বাড়তে বাড়তে বিপজ্জনক চেহারা নিয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, অতিবৃষ্টিতে রাস্তার ক্ষতি হয়েছে ঠিকই। তবে আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার একাংশে কংক্রিটের কাজ হয়ে গিয়েছে। পুজোর আগে একে একে প্রতিটি রাস্তার বাকি কাজও শেষ করা হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুধু প্যাচওয়ার্ক নয়, কংক্রিটের আস্তরণও দেওয়া হবে রাস্তায়। সোমবার রাত থেকেই কেএমডিএর সঙ্গে যৌথ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে হাওড়া পুরসভা। আগামী দশদিনের মধ্যে বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস ও নরসিংহ দত্ত রোডের কাজ শেষ করা হবে। এরপর বেলিলিয়াস রোড ও পঞ্চাননতলা রোডের কাজ শুরু হবে। রাস্তার কাজ চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারেও হাওড়া সিটি পুলিসের সঙ্গে আলোচনা সেরেছে পুরসভা। শৈলেন মান্না সরণি ও হাওড়া-আমতা রোডের সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।
এদিকে বেহাল রাস্তার কারণে শহরজুড়ে যানজটের সমস্যাও বাড়ছে। হাওড়া ব্রিজে ওঠার মুখে রাস্তার ভয়াবহ দশা নিয়ে প্রশ্ন তুলছে খোদ পুলিসই। যানজট সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিকে কর্মরত আধিকারিকদের। নবান্ন সংলগ্ন র‍্যাম্প লেন ও শালিমার ওভারব্রিজে ওঠার মুখেও একই অবস্থা। ফলে কাজিপাড়া মোড়, বেতাইতলা ফাঁড়ি, নারায়ণা হাসপাতালের সামনে দিনভর যানজট বাড়ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ