নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নির্মাণকে কেন্দ্র করে গোলযোগ দেখা দেওয়ায় নথি জমা করতে সময় চেয়েছিলেন মালিক। কিন্তু সেই আবেদন বিবেচনা না করেই নির্মাণটি বেআইনি ধরে নিয়ে ভাঙার নির্দেশ দিয়েছিল হাওড়া পুরসভা। বৃহস্পতিবার পুরসভার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চাওয়াকে কোনোভাবেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না।
হাওড়া পুরসভার বাসিন্দা সুজয় সরকার নামে এক ব্যক্তি পুরসভার বাড়ি ভাঙার নোটিস ও নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর বরো-২-এর সহকারী ইঞ্জিনিয়ার প্রয়োজনীয় নথি জমা না দেওয়ার সময় না দিয়েই নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। মামলাকারীর বক্তব্য ছিল, তিনি কখনও স্বীকার করেননি যে তাঁর নির্মাণ বেআইনি। অথচ পুরসভা তাঁর একটি লিখিত বক্তব্যকে স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, পুরসভার দাবি ছিল, শুনানির সময় নির্মাণের বৈধতা প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি বাড়ির মালিক।
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রিশাদ মেদোরা মামলার নথি খতিয়ে দেখেন। ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক যে চিঠি দিয়েছিলেন, তাতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনো উল্লেখ নেই বলে জানায় আদালত। বিচারপতি জানান, ওই নথিতে, সুজয়বাবু শুধু নির্মাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। সবদিক খতিয়ে দেখেই পুরসভার বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির মালিক এবং অভিযোগকারী, দু’পক্ষকেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় নথিও জমা দিতে পারবেন তাঁরা। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পুরসভাকে।



