গত দু’মাস ধরে নিখোঁজ হাওড়ার অস্থায়ী পুরকর্মী, উদ্বেগে পরিবার
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় দু’মাস ধরে নিখোঁজ হাওড়া পুরসভার এক অস্থায়ী কর্মী। শিবপুরের নেপাল সাহা লেনের বাসিন্দা দীপায়ন পাল গত ২৩ সেপ্টেম্বর ভোরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তাঁর খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবারের। ছেলেকে কেউ আটকে রেখেছে বলে সন্দেহ করছেন তাঁর বাবা পার্থপ্রতিম পাল। ছেলের সন্ধানে শিবপুর থানার পাশাপাশি স্থানীয় বিধায়ক এবং ভবানী ভবনে সিআইডির দপ্তরেও লিখিত অভিযোগ জানিয়েছেন।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগের রাতে অর্থাৎ ২২ সেপ্টেম্বর সাড়ে ১২টা নাগাদ বাড়িতে এসি চালানো নিয়ে স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় দীপায়নের। ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ায় ঘুমোতে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছেন স্ত্রী ইশিকা পাল। তা নিয়েই দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান দীপায়ন। বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। ফুটেজে দীপায়নের পরনে ছিল কালো রঙের হাফ প্যান্ট ও কমলা গেঞ্জি। পরদিন শিবপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। পরে বিধায়ক অরূপ রায় এবং সিআইডি দপ্তরেও অভিযোগ জানান তাঁর বাবা।
পার্থপ্রতিমবাবুর অভিযোগ, পুলিশ প্রথম থেকে আরও তৎপর হলে হয়ত ছেলেকে খুঁজে পাওয়া সম্ভব হত। তাঁর সন্দেহ, কেউ দীপায়নকে আটকে রেখেছে। পরিবারের দাবি, অত্যন্ত শান্ত ও চুপচাপ স্বভাবের ছেলে ছিলেন তিনি। কারও সঙ্গে শত্রুতা ছিল না। ছেলের খোঁজ না পেয়ে কার্যত ভেঙে পড়েছেন মা। তবে পুত্রবধূকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন বাবা। ইশিকা বলেন, ‘রাত ১২টা নাগাদ এসি চালানো নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। ঘর ঠান্ডা হয়ে যাওয়ায় ঘুমোতে পারছিলাম না। ভোরে সবাই যখন ঘুমোচ্ছিলাম, তখন কাউকে কিছু না জানিয়ে ও বাড়ি থেকে চলে যায়।’ দীপায়নকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন তাঁর পরিজনরা।   দীপায়ন পাল। -ফাইল চিত্র