১৫ জানুয়ারি পর্যন্ত হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত, দুর্ভোগ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: বর্তমানে চক্রধরপুর ডিভিশনে রেললাইনের আধুনিকীকরণের কাজ চলছে। সেজন্য দক্ষিণ-পূর্ব রেলের তরফে ট্রাফিক কাম পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট কিছু তারিখে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে আদ্রা স্টেশন পর্যন্ত চালানো হবে। আবার আদ্রা থেকে হাওড়ায় ফেরত যাবে। ফলে ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-চক্রধরপুরের মধ্যে বন্ধ থাকবে।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, ২৩ নভেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রায় দু’মাস নির্দিষ্ট কিছু দিনে ট্রেনটি আদ্রা স্টেশনেই যাত্রা শেষ ও শুরু করবে। এর ফলে শীতের মরশুমে পুরুলিয়া-বরাভূমে বেড়াতে আসা পর্যটকরা সমস্যায় পড়বেন। কারণ, ট্রেনটি আদ্রা পৌঁছানোর পর যাত্রীরা অন্য ট্রেন ধরে পুরুলিয়া পৌঁছাতে পারবেন। কিন্তু, সেই সময় আদ্রা থেকে বরাভূম যাওয়ার কোনো ট্রেন নেই। তাই ট্রেনটি আদ্রার পরিবর্তে পুরুলিয়া বা বরাভূম স্টেশনে তার যাত্রাপথ শেষ করে, তাহলে পর্যটকদের সুবিধা হবে। বিষয়টি বিবেচনার দাবি উঠছে। 
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৮০১১(হাওড়া-আদ্রা-চক্রধরপুর) এক্সপ্রেস ২৩, ২৬, ৩০ নভেম্বর, ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮ ও ৩১ ডিসেম্বর এবং ৪, ৭, ১১, ১৪  জানুয়ারি আদ্রায় যাত্রা শেষ করবে। আর ১৮০০১২( চক্রধরপুর -আদ্রা-হাওড়া) এক্সপ্রেস ২৪, ২৭ নভেম্বর, ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৫, ২৯ ডিসেম্বর এবং ১, ৫, ৮, ১২, ১৫ জানুয়ারি আদ্রা থেকে ছেড়ে হাওড়া যাবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে মোট ৪৪১ কিমি পথ অতিক্রম করে। রেলযাত্রী পুরুলিয়ার বিবেক দাস, ধনঞ্জয় মণ্ডল বলেন, ট্রেনটি যেভাবে ব্লক নেওয়া হয়েছে তাতে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস প্রতি সোম ও বৃহস্পতিবার হাওড়া থেকে ছেড়ে আদ্রায় যাত্রা শেষ করবে। ফিরতি পথে মঙ্গল ও শুক্রবার আদ্রা থেকে ছেড়ে হাওড়া যাবে। ওই দিনগুলিতে সত্যিই খুব অসুবিধা হবে। যেহেতু চক্রধরপুর ডিভিশন ব্লক নিয়েছে। সে ক্ষেত্রে ট্রেনটি পুরুলিয়া বা বরাভুম স্টেশন পর্যন্ত চালানো যেতে পারে।
রেল দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন চলাচলের বিষয়টি উচ্চ দপ্তর ঠিক করে। সেক্ষেত্রে জনসাধারণের দাবির বিষয়টি অবশ্যই উচ্চ দপ্তরে জানানো হবে।