Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরের প্রাথমিক স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, সব খরচ শিক্ষক-শিক্ষিকাদের

শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। ক্লাসরুমের ভিতরে দেওয়ালে লাগানো স্মার্ট টিভি। আর এই স্মার্ট ক্লাসে বসেই পড়াশোনা করছে ক্ষুদে পড়ুয়ারা।

শ্যামপুরের প্রাথমিক স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, সব খরচ শিক্ষক-শিক্ষিকাদের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। ক্লাসরুমের ভিতরে দেওয়ালে লাগানো স্মার্ট টিভি। আর এই স্মার্ট ক্লাসে বসেই পড়াশোনা করছে ক্ষুদে পড়ুয়ারা। না এটা কোনও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চিত্র নয়, রাজ্যেরই একটি প্রাথমিক স্কুলের ছবি। শ্যামপুর ১ ব্লকের রামেশ্বপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজেদের খরচে স্কুলে এই স্মার্ট ক্লাস চালু করেছেন। শুধু তাই নয়, ক্ষুদে পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে স্কুলের স্মার্ট ক্লাসরুমকে শীতাতপ নিয়ন্ত্রিতও করেছেন। তবে সবটাই তাঁরা নিজেদের গাঁটের কড়ি খরচ করে করেছেন। তাঁদের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।

Advertisement

শ্যামপুর দক্ষিণ চক্রের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১১৬ জন। স্কুলে সাতজন শিক্ষক-শিক্ষিকা আছেন। ছাত্রছাত্রীদের একঘেয়েমি কাটাতে পড়াশোনার পাশাপাশি যোগব্যায়াম, ছবি আঁকা, খেলাধূলা সহ বিভিন্ন কার্যক্রম শেখানো হয়। শুধু তাই নয়, মিড ডে মিলেও চিরাচরিত ভাত-ডালের পরিবর্তে কখনও থাকে বিরিয়ানি, আবার কখনও লুচি-আলুরদম, আবার কখনোও বা থাকছে দুধভাত, আম। এই স্কুলেই বৃহস্পতিবার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাস চালু হয়েছে। এই উদ্যোগ সর্ম্পকে স্কুলের প্রধান শিক্ষক সৌরদীপ জানা বলেন, ভিডিওর মাধ্যমে খুব সহজে যাতে পড়ুয়াদের পড়ানো যায়, সেই লক্ষ্যেই স্কুলে এই স্মার্ট ক্লাস চালু করা হল। এর ফলে খেলার ছলে শিশুরা অনেক সহজেই পড়াশোনা শিখতে পারছে। এক একটি ক্লাসের পড়ুয়াদের এক একদিন করে এই স্মার্ট ক্লাসে ক্লাস করানো হবে। স্মার্ট ক্লাসে বিদ্যুতের খরচ প্রসঙ্গে তিনি জানান, স্মার্ট ক্লাস রুম করা থেকে বিদ্যুতের খরচ, সবটাই শিক্ষক-শিক্ষিকরা বহন করবেন।
সোমবার ক্লাস ওয়ানের স্মার্ট ক্লাসে পড়াশোনা করার পালা। তাতেই আনন্দিত রিক পুরকাইত, ঈশান মণ্ডল, রুমকি মাইতি, প্রাপ্তি ভৌমিকরা। এদিন তারা বলে, স্যার বলেছেন এসি ঘরে টিভিতে পড়াবে। ভালোই হবে। এবার থেকে স্কুলেই টিভি দেখতে পারব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ