সেন্সাসের আগেই কীভাবে ৮৫০ লোকসভা আসনের ঘোষণা, প্রশ্ন কংগ্রেসের
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেন্সাসই হল লোকসভা ও বিধানসভা আসনের সীমানা পুনর্বিন্যাসের মূল ভিত্তি। প্রতি ১০ বছর অন্তর যে জনগণনা হয়, সেই জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যান বিচার করে লোকসভা ও বিধানসভার সীমানা পুনর্নির্ধারণ করা নিয়ম। যদিও ১৯৭৬ সালের পর আর কোনো ডিলিমিটেশন হয়নি। ১৯৭১ সালের সেন্সাসে প্রাপ্ত জনসংখ্যার নিরিখেই ১৯৭৬ সালে হয়েছিল সর্বশেষ আসন পুনর্বিন্যাস। এরপর দুই দফায় ২৫ বছরের জন্য স্থগিত রাখা হয় সীমানা নির্ধারণ প্রক্রিয়া। অর্থাৎ মোট ৫০ বছর। কেন্দ্র বিভাজিত হয়েছে। সংযোজিত হয়েছে একে অন্যের সঙ্গে। কিন্তু সংখ্যা বদল হয়নি। এবার সেন্সাস শুরু হবে ২০২৭ সালে। ফলাফল আসবে ২০২৮ সালে। তার সঙ্গে ডিলিমিটেশন প্রক্রিয়াও হবে বলে স্থির হয়েছে। কিন্তু সেন্সাসই হল না এবং ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার প্রশ্ন নেই। কারণ জনসংখ্যাই তো জানা যায়নি, তাহলে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি আগেভাগে ৮৫০ লোকসভা আসন হবে এই ঘোষণা করছে কীভাবে? প্রশ্ন তুলেছে কংগ্রেস। শনিবার কংগ্রেস এমপি জয়রাম রমেশ বলেছেন, সংবিধান নিয়েও কি মোদি সরকার ছেলেখেলা ও অনিয়ম শুরু করেছে? সংবিধানের ৮২ নং ধারায় বলা হয়েছে, সেন্সাস হয়ে যাওয়ার পর ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন অতীতেও হয়েছে। নতুন কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কোন প্রক্রিয়ায় মোদি সরকার এই কাজে উদ্যত? কী প্ল্যান? সেন্সাস হল না, অথচ তার কয়েক বছর আগে থেকেই মোদি সরকার বলতে শুরু করেছে লোকসভার আসন সংখ্যা হবে ৮৫০। এটা তারা জানল কীভাবে? ৮৫০ লোকসভা সদস্য হবে ধরে নিয়ে নতুন সংসদ ভবন পর্যন্ত তৈরি হয়ে গেল। এই সংখ্যার উৎস কী? কোথায় কত আসন বাড়তে পারে সেটা তো জানা সম্ভব সেন্সাসের পর। সংসদে যতই এই বিল আনার চেষ্টা করা হোক, ডিলিমিটেশন বিল পাশ করতে দেওয়া যাবে না। আগে সব রাজ্যকে সমান ভারসাম্য দিতে হবে। মোদি সরকার প্রচার করার চেষ্টা করছে তাদের কাছে সংখ্যা আছে। এটা হল মনস্তাত্ত্বিক প্রচার। এনসিপি কিংবা ডিএমকের অবস্থান, সকলের জন্য ৫০ শতাংশ বৃদ্ধি বা পূর্ববর্তী আসনের ভিত্তিতেই ২০২৯ সালের ভোট। 

Advertisement