Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বৃষ্টিতে শ্যুটিংয়ে বিপত্তি, জলমগ্ন কলকাতায় টলিউডের শ্যুটিং হল কীভাবে?

পুজোর আগে জলমগ্ন কলকাতা। একদিকে পুজোর আগে এপিসোড ব্যাংক রাখার চাপ, অপরদিকে জল পেরিয়ে ফ্লোরে আসা—  মঙ্গলবার এই দ্বিফলায় বিদ্ধ হলেন তারকারা।

বৃষ্টিতে শ্যুটিংয়ে বিপত্তি, জলমগ্ন কলকাতায় টলিউডের শ্যুটিং হল কীভাবে?
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• পুজোর আগে জলমগ্ন কলকাতা। একদিকে পুজোর আগে এপিসোড ব্যাংক রাখার চাপ, অপরদিকে জল পেরিয়ে ফ্লোরে আসা—  মঙ্গলবার এই দ্বিফলায় বিদ্ধ হলেন তারকারা। একাধিক ধারাবাহিকের শ্যুটিং এদিন বন্ধ ছিল। আবার কিছু ধারাবাহিকের শ্যুট শুরু হয়েছে অনেক দেরিতে। প্যাকআপও করা হয়েছে আগে। 

Advertisement

সোমবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। উত্তর থেকে দক্ষিণ— শহর ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চল কার্যত জলের তলায়। সাধারণ মানুষেরও পৌঁছতে বেশ সমস্যা হয়েছে। টালিগঞ্জ, গড়িয়া অঞ্চলের একাধিক শ্যুটিং ফ্লোরেও এদিন বিপর্যয়ের আঁচ। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘পরিণীতা’র শ্যুটিং হয় টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে। জানা গিয়েছে, শ্যুটিংয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে নির্মাতাদের। দুপুর গড়িয়ে বিকেল হলেও বেশ কয়েকজন শিল্পী শ্যুটিংয়ে পৌঁছতে পারেননি। মাঝ রাস্তায় আটকে পড়েছেন অনেকে। যাঁরা টালিগঞ্জের কাছাকাছি থাকেন, তাঁদের দিয়ে কোনও রকম শ্যুটিং হয়েছে।  পুজোর ছুটির আগে এপিসোড ব্যাংক করার ব্যস্ততা থাকে। এর মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে শ্যুটিংয়ে সমস্যা হওয়ায় নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইন্দ্রপুরী স্টুডিওতে চলা অপর একটি ধারাবাহিক ‘আমাদের দাদামণি’র শ্যুটিং এদিন বন্ধ ছিল। পাশাপাশি বন্ধ ছিল এনটিওয়ান স্টুডিওতে ‘আনন্দী’র কাজ। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের সেটে কোনও অসুবিধা হয়নি বলে জানা গিয়েছে। কলাকুশলীদের মধ্যে বেশিরভাগই সঠিক সময়ে আসতে পেরেছেন। সদ্য শুরু হয়েছে স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’। এই ধারাবাহিকের শ্যুটিংও শুরু হয়েছে কিছুটা দেরি করেই। তবে শ্যুটিং হয়েছে নির্বিঘ্নে। সমস্যায় পড়তে হয়নি ‘চিরসখা’ ধারাবাহিকের কলাকুশলীদের। বর্তমানে বোলপুরে আউটডোর শ্যুটিং চলছে এই সিরিয়ালের। সেখানে পরিস্থিতি স্বাভাবিক। ফলে কোনও অসুবিধা হয়নি।   
অপরদিকে, আকাশ আটের ধারাবাহিক ‘খনার কাহিনি’ ও ‘আদি শক্তি আদ্যাপীঠ’-এর শ্যুটিং শুরু করতে দেরি হয়েছে। তবে এই চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘পুলিশ ফাইলস’-এর শ্যুটিং মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে আকাশ আটের কর্ণধার প্রিয়াঙ্কা বারদিয়া বলেন, ‘পুজোর আগে আমাদের ধারাবাহিকের এপিসোডগুলি আগেভাগে শ্যুট করে রাখতে হয়। এর জন্য বাড়তি চাপ থাকে। তবে আমাদের পুজো স্পেশাল অনুষ্ঠানগুলির ব্যাংকিং রয়েছে। ওগুলি নির্ধারিত সময়েই সম্প্রচার করা হবে। মঙ্গলবার বিপর্যয়ের জন্য আমরা সেটে কলাকুশলীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখেছি। তাড়াতাড়ি প্যাকআপও করা হয়েছে।’ এছাড়াও সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’, ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকের শ্যুটিং মঙ্গলবার হয়নি।  
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ