Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

হাজার বছরগাছ কীভাবে বাঁচে?

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাণীরা নির্ভর করে উদ্ভিদের ওপর। বৃক্ষ, গুল্ম, বিরুৎ সহ পৃথিবীতে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে।

হাজার বছরগাছ কীভাবে বাঁচে?
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কিছু গাছ আছে যাদের আয়ু প্রায় হাজার বছর! কী আছে এদের জৈবিক গঠনে? গাছের দীর্ঘ জীবনের রহস্যের কারণ খুঁজলেন অনির্বাণ রক্ষিত।

Advertisement

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাণীরা নির্ভর করে উদ্ভিদের ওপর। বৃক্ষ, গুল্ম, বিরুৎ সহ পৃথিবীতে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে বৃহত্তম গাছ হল ‘জেনারেল শেরম্যান’ থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ‘বামন উইলো’— সবই এই বিশাল উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত। বৃক্ষজাতীয় উদ্ভিদের গড় আয়ু ৫০০ থেকে ৮০০ বছর পর্যন্ত হতে পারে। অবশ্য, গাছের প্রজাতি অনুযায়ী এর ব্যতিক্রমও লক্ষ করা যায়। তবে পৃথিবীতে কিছু কিংবদন্তি গাছ হাজার বছর ধরে টিকে আছে। সে তুলনায় মানুষের গড় আয়ু মাত্র ৬৮ থেকে ৭৪ বছরের মতো। প্রশ্ন হল, কীভাবে কোনো গাছ এত বছর ধরে বাঁচে?
বীজ থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গাছের জন্ম হয়। মাটিতে শিকড় গেঁথে, ডালপালা ছড়িয়ে গাছ বড়ো হয়। বাধা না পেলে শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাতা ঝরে, নতুন পাতা গজায়। কত ঝড়, বন্যা, খরার কবলে পড়ে, তার ঠিক নেই। তবু গাছ টিকে থাকে। প্রকৃতিতে লড়াই করে টিকিয়ে রাখে নিজেকে।
গাছের দীর্ঘ জীবনের রহস্য লুকিয়ে আছে এদের জৈবিক গঠনে। একদল বৈজ্ঞানিকের গবেষণায় এই বিষয়টি জানা গিয়েছে। গাছের হাজার বছর বেঁচে থাকার রহস্যভেদ করেছেন তাঁরা। আমেরিকা ও চীনের একদল বিজ্ঞানী এই নিয়ে গবেষণা করেছেন। একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ (পিএনএএস) জার্নালে। এই বিজ্ঞানী দল গবেষণাপত্রে দাবি করেছেন যে, তাঁরা গাছের দীর্ঘায়ুর রহস্যভেদ করেছেন। সে জন্য তাঁরা গবেষণা করেছেন বিশ্বের প্রাগৈতিহাসিক গাছগুলো নিয়ে।
বিজ্ঞানীরা তাঁদের গবেষণার কাজ চালান মেইডেনহেয়ার নামে পরিচিত গিংকগো বাইলোবা গাছে। শরৎকালে মেইডেনহেয়ার গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে। একেকটি মেইডেনহেয়ার গাছ বেঁচে থাকে এক হাজার বছরেরও বেশি সময়। মেইডেনহেয়ার গাছ জীবনকালে কিছু জৈব রাসায়নিক তৈরি করে, যা একে রোগ, পোকামাকড় ও প্রতিকূল পরিবেশ যেমন খরা মোকাবিলায় সাহায্য করে। এছাড়া গাছটির একধরনের জিনেরও এক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে।
প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট আইইউসিএনের লাল তালিকায় রয়েছে এই উদ্ভিদ প্রজাতি। বিলুপ্তির ঝুঁকির রয়েছে এমন প্রাণী ও উদ্ভিদকে তালিকাভুক্ত করে আইইউসিএন। উদ্ভিদ জগতের মেইডেনহেয়ার গাছ গিংকগোলস বর্গের সদস্য। এই বর্গের বাকি প্রজাতিগুলো এরই মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে। গিংকগো বাইলোবা গাছটির আদি নিবাস চীনে। এখনও চীন দেশের ঝেজিয়াং এলাকার সিতিয়ানমু পার্বত্য এলাকায় গিংকগো বাইলোবার দেখা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন উদ্যান ও বাগানে দেখা মেলে এই গাছের।
গিংকগো বাইলোবা প্রজাতির আদিতম যে সদস্যের জীবাশ্মের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, তা ডাইনোসর যুগের। গবেষণাপত্রে বলা হয়, গবেষণার সময় ১৫ থেকে ৬৬৭ বছর বয়সি কয়েকটি গিংকগো বাইলোবা গাছের কোষ, বাকল, পাতা ও বীজ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখেছেন, খরা বা কোনো জীবাণুর আক্রমণ হলে শরীরে যে চাপ তৈরি হয়, তা মোকাবিলায় সব গাছের শরীরেই একই ধরনের রাসায়নিক তৈরি হয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবায়াল ও বিশেষ উদ্ভিজ্জ হরমোন উল্লেখযোগ্য। অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে কোষের ক্ষতি রোধ করে। গাছের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার ক্ষমতা থাকে। আবার কিছু অ্যান্টিঅক্সিডেন্ট তারা মাটি থেকেও শোষণ করে।
অ্যান্টি মাইক্রোবায়াল পদার্থ গাছের স্বাস্থ্য রক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো গাছকে সংক্রমণ, রোগ, পোকামাকড়ের আক্রমণ ও আঘাত থেকে রক্ষা করে। খরার সময় গাছ অ্যাবসিসিক অ্যাসিড তৈরি করে, যা জলশূন্যতা কমাতে সাহায্য করে। জীবাণুর আক্রমণের সময় গাছ স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে, যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
পৃথিবীতে মেইডেনহেয়ার বা গিংকগো বাইলোবা ছাড়া আরও অনেক প্রজাতির গাছ আছে, যেগুলি হাজার বছর বেঁচে থাকে। এর মধ্যে অন্যতম হল গ্রেট বেসিন ব্রিসেলকোন পাইন। ধারণা করা হয়, পৃথিবীতে এখন যেসব গাছপালা ও পশুপাখি বেঁচে আছে, তার মধ্যে গ্রেট বেসিন ব্রিসেলকোন পাইন সবচেয়ে প্রাচীন গাছ। সারাবিশ্বে সবচেয়ে বিখ্যাত ব্রিসেলকোন পাইন গাছটির নাম ‘মেথুসেলাহ’। মনে করা হয়, গাছটির বয়স ৪ হাজার ৮০০ বছরের বেশি। অর্থাৎ মিশরীয়রা যখন পিরামিড নির্মাণ করছিল, তখন এটি একটি চারাগাছ ছিল। এর দীর্ঘ জীবনের নেপথ্যে দারুণ একটি বিষয় হচ্ছে, গাছটি অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এসব গাছের জন্মও হয় সেরকম পরিবেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নেভাদা ও ইউটার উঁচু উঁচু পর্বতে এই গাছ জন্মায়। এদের জীবনচক্র 
খুব ধীর।
দীর্ঘায়ু গাছের বেঁচে থাকার পেছনে মেরিস্টেমেটিক কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেরিস্টেমেটিক কোষ হল উদ্ভিদের অবিভাজিত কোষ, যা বিভিন্ন ধরনের স্থায়ী কোষে রূপান্তরিত হতে পারে। এগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও একটি দীর্ঘায়ু গাছ ক্রিপ্টোমেরিয়া। এটি জাপানি সেডার নামেও পরিচিত। হালকা শীতল আবহাওয়ার মধ্যে এই গাছ জন্মায়। জাপানের এরকম কিছু কিছু গাছের বয়স ৬৫০ বছরের বেশি বলে ধারণা করা হয়। এছাড়া চিলি ও আর্জেন্তিনার দক্ষিণাঞ্চলে আলেরসা গাছ খুঁজে পাওয়া যায় যা প্যাটাগোনিয়ান সাইপ্রেস নামেও পরিচিত। বিজ্ঞানীরা বলেন, এই গাছে এমন এক ধরনের রস আছে, যা এদের পচনের হাত থেকে রক্ষা করে। এমনকি জলে থাকলেও এই গাছ পচে না।
আফ্রিকান বাওবাব বৃক্ষ দু’হাজার বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। কিন্তু সম্প্রতি এই প্রজাতির অনেক প্রাচীন গাছ মারা গিয়েছে। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেন। এই গাছ নানা কাজে ব্যবহৃত হয়। এই গাছের ফলে কমলালেবুর থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এর শেকড় থেকে লাল রং তৈরি হয়। বাকল দিয়ে ঝুড়ি ও দড়ির মতো নানা রকম জিনিস তৈরি করা যায়।
গাছের শক্তিশালী কাণ্ড ও শিকড় চরম আবহাওয়া সহ্য করতে সাহায্য করে। যেমন বৃক্ষের মূল মাটিকে শক্তভাবে ধরে থাকে এবং শরীরের ওজন বহন করে। কাণ্ড ও ডালপালা শক্তিশালী ও নমনীয় হয়ে ঝড় বা বৃষ্টির মতো অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। এই গাছের কোষ দীর্ঘজীবী হয়। এই কোষ ক্ষত সারাতে সাহায্য করে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে প্রাগৈতিহাসিক গাছগুলি ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্র এসব গাছ হারিয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ