নয়াদিল্লি: ইয়েমেনে গৃহযুদ্ধ ফের তীব্র হওয়ার পর থেকেই প্রতিবেশী সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। এবার রিয়াধেরর আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি ইরান-সমর্থিত হুথিদের। যদিও ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা লোহিত সাগরের উপকূলে হুথিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
সোমবার হুথিদের এক মুখপাত্র দাবি করেন, তারা সৌদি আরবের রাজধানীতে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আরামকোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তাঁর দাবি, হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে। দক্ষিণ সৌদি আরবের সেনাঘাঁটি এবং কয়েকটি ছোট বিমানবন্দরকেও নিশানা করা হয়। এদিকে, হুথিদের লাগাতার হামলার জেরে নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক।