কায়রো: গভীর রাতে মুসলিমদের পবিত্র নগরী মক্কায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হুথি। বুধবার সৌদি আরবের এমনই অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেশটির দাবি, মক্কা লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে। মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে একটি ড্রোন। এই হামলাকে ‘রেড লাইন’ বলেও ঘোষণা করেছে সৌদি। অর্থাৎ পরবর্তীকালে হামলা হলে পালটা আক্রমণ করবে তারাও।
তবে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠীটি। সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল সৌদির। হুথিদের আক্রমণের পরও কেন এই দেশগুলি হাত গুটিয়ে বসে রয়েছে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। যদিও দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, সৌদি তাদের কাছে কোনো সহযোগিতা চায়নি। অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে এখনই যুদ্ধে জড়াতে চায় না সৌদির বন্ধুদেশ আমেরিকাও। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হুথিদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।’ মক্কার উপর এই হামলার সমালোচনায় সরব হয়েছে বহু দেশ। নিন্দা জানিয়েছে ভারতও।