Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী সোমবার থেকে পুরাতন মালদহ শহরে আবাসের সমীক্ষা

আগামী সোমবার থেকে আবাসে আবেদনকারীদের বাড়ি গিয়ে সমীক্ষা করবে পুরাতন মালদহ পুরসভার দল।

আগামী সোমবার থেকে পুরাতন মালদহ শহরে আবাসের সমীক্ষা
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী সোমবার থেকে আবাসে আবেদনকারীদের বাড়ি গিয়ে সমীক্ষা করবে পুরাতন মালদহ পুরসভার দল। পুরসভার আধিকারিকরা শহরের ২০ টি ওয়ার্ড ঘুরে আবেদনকারীদের নথি যাচাই করবেন। সরেজমিনে খতিয়ে দেখবেন, আবেদনকারীর ভোটার কার্ড রয়েছে কি না, তাঁর নামে কোথাও পাকা ঘর রয়েছে কি না, কোন জায়গার উপর তিনি পাকা ঘর নির্মাণ করবেন। আবেদনে দেওয়া তথ্য সঠিক কি না, তাও যাচাই করবে সমীক্ষক দলটি। সেই রিপোর্ট জমা পড়বে পুরসভার অফিসে। পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, পুরসভার টিম আবেদনকারীদের বাড়ি বাড়ি যাবে। আবেদন খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নথি যাচাই করবে।

Advertisement

সূত্রের খবর, পুরসভায় আবাসের কাজ দেখার জন্য ৯ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। আবাস সংক্রান্ত একাধিক বিষয় মনিটরিং করবে দলটি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার মহিলাদের নামে বাড়ি দেওয়া হবে। পুরুষদের নামে আবেদন করলে গ্রাহ্য হবে না। বাড়ি করতে অনলাইনে মোট ২০ টি ওয়ার্ডজুড়ে আবেদন জমা পড়েছে ১ হাজার ৫৮৬ টি। তবে পুরসভা অফিসে বাড়ি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন ১ হাজার ৪৩৭ আবেদনকারী। ১৪৯ জন এখনও নথি জমা দেননি। যাঁরা জমা দিয়েছেন, তাঁদের নথি খতিয়ে দেখা হবে। আগামী দিনে ধাপে ধাপে ঘর দেওয়া হবে। কতগুলি ঘর এবার দেওয়া সম্ভব হবে? পুরসভার চেয়ারম্যান বলেন, রাজ্য সরকার এই মুহূর্তে তা নির্ধারণ করে দেয়নি। তবে চলতি আর্থিক বছরে ৩ টি ধাপে ঘর দেওয়া যেতে পারে। একটি ধাপে হাজার জন পেলে মোট তিন হাজার উপভোক্তা ঘর পেতে পারেন। এবিষয়ে বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য বলেন, এবার মানুষ স্বচ্ছভাবে আবাসের  ঘর পাবেন। কোনো অনিয়ম আমরা হতে দেব না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ