Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চলন্ত বাইকে থাকা গৃহবধূর হার ছিনতাই! অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব দম্পতি

পুজোর মুখে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল কোচবিহারগামী ৩১ নম্বর জাতীয় সড়কে। আজ, সোমবার দুপুরে প্রকাশ্য দিবালোকে চলন্ত বাইকে থাকা এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।

চলন্ত বাইকে থাকা গৃহবধূর হার ছিনতাই! অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব দম্পতি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর মুখে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল কোচবিহারগামী ৩১ নম্বর জাতীয় সড়কে। আজ, সোমবার দুপুরে প্রকাশ্য দিবালোকে চলন্ত বাইকে থাকা এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। ঘটনাটি ঘটেছে এলাকার অসম মোড় ও ইন্দিরা মোড়ের মাঝামাঝি স্থানে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন কোচবিহার জেলার জামালদহের এক গৃহবধূ, নাম ছবি বর্মন। জানা গিয়েছে, ওই গৃহবধূ অসুস্থ থাকায় এদিন তাঁর স্বামী নবীনচন্দ্র বর্মন তাঁকে ডাক্তার দেখাতে জলপাইগুড়িতে নিয়ে গিয়েছিলেন। এরপর তাঁরা বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে। অভিযুক্তরা সোনার হার ছিনতাই করে ইন্দিরা মোড় সংলগ্ন এলাকার দিকে চলে যান। বাইক নিয়ে তাঁদের ধাওয়া করেন নবীন বাবু ও তাঁর স্ত্রী। কিন্তু তারা শেষমেশ পালিয়ে যায়। 

Advertisement

পুলিশকে ছবি বর্মন জানিয়েছেন, আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় একটি বাইক একসময় আমাদের একেবারেই কাছাকাছি চলে এসেছিল। আমি তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলেছিলাম বাইকটির সঙ্গে আমাদের বাইকের ধাক্কা লেগে যাবে। সেইসময় আমাদের বাড়ি থেকে ফোন আসে। সেই কারণে আমাদের বাইকটি বেশ আস্তেই চলছিল। এরপর হঠাৎই অভিযুক্তদের বাইকটি আমাদের বাইকের একেবারে কাছে চলে আসে। এরপর আমার গলায় থাকা ১০ গ্রাম ওজনের হার ছিনতাই করে পালিয়ে যায় তারা। গৃহবধূর স্বামী নবীন বর্মন বলেন, অভিযুক্তরা বাইকে দুজন ছিল। এদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। আমরা চাইছি পুলিশ-প্রশাসন অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। এই ঘটনায় পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ