Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলপিতে ঘরে আগুন লেগে মারা গেলেন গৃহবধূ, দগ্ধ স্বামী ও ছেলে

গভীর রাতে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ও ছেলে।

কুলপিতে ঘরে আগুন লেগে মারা গেলেন গৃহবধূ, দগ্ধ স্বামী ও ছেলে
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গভীর রাতে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ও ছেলে। ঘটনাটি ঘটেছে কুলপি থানার শ্যামবসুর চকে চকতারা বৈদ্য এলাকায়। মৃতার নাম আনসুরা বিবি (২৬)। আগুনে পুড়ে জখম হয়েছেন স্বামী মুজাহার পুরকাইত (৩০) ও ছেলে উসমান পুরকাইত (৪)। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে স্ত্রী ও ছেলের সঙ্গেই বাড়িতে ঘুমিয়ে ছিলেন মুজাহার। গভীর রাতে হঠাৎই বাড়িতে আগুন লাগে। প্রথমে বিষয়টি তাঁরা টের পাননি। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে তাঁরা তার ভিতরেই আটকে পড়েন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় কুলপি থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিস। পুলিস ও প্রতিবেশীদের তৎপরতায় কিছুক্ষণ বাদে আগুন নিয়ন্ত্রণে এলে তিনজনই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই তাঁদের কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আনসুরা বিবির মৃত্যু হয়। বাবা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সম্ভবত ওই বাড়িতে আগুন লেগেছিল। তবে কীভাবে আগুন লেগেছিল, তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ