নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, খাতড়া: প্রথম দফায় বাদ পড়া অন্নপূর্ণা যোজনার দেড় লক্ষ আবেদনকারীর গৃহসমীক্ষার কাজ বাঁকুড়ায় শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিদেরও ১৫ জুলাইয়ের মধ্যে তা শেষ করা হবে। অফলাইনে জমা পড়া সব ফর্ম আজ, শুক্রবারের মধ্যে ডিজিটাইজেশনের কাজ শেষ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও ওই প্রকল্প নিয়ে মহিলাদের ক্ষোভ কিছুতেই কমছে না। আবেদন করেও টাকা না পেয়ে বৃহস্পতিবার ইন্দপুরে রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা বিক্ষোভ দেখান। দ্রুত অ্যাকাউন্টে টাকা না ঢুকলে বিডিও অফিস ঘেরাও করা হবে বলে অবরোধকারীরা হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, বাঁকুড়ায় লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সোওয়া ন’লক্ষ মহিলা। এসআইআরের পর সংখ্যা কমে হয় সাড়ে ৮ লক্ষ। তারমধ্যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেন সাড়ে ৬ লক্ষ মহিলা। আবেদনকারীদের মধ্যে প্রথম দফায় ৫ লক্ষের কিছু বেশি উপভোক্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাকি প্রায় দেড় লক্ষ আবেদন বর্তমানে ঝাড়াইবাছাই চলছে।
বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, কোনো যোগ্য আবেদনকারী যাতে বাদ না পড়েন, তারজন্য পঞ্চায়েতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন। শীঘ্রই বেশকিছু নতুন উপভোক্তা জুলাই মাসের টাকা পাবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।
অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পাওয়াতে ফের রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকেই গোবিন্দপুর শিবডাঙা রাজ্যসড়কের উপর নয়াদা বাজারে রাজ্যসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা। এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চলে বলে দাবি স্থানীয়দের। যার জেরে আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহী গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। তাতেও অবরোধ না ওঠায় ঘটনাস্থলে পৌঁছান ইন্দপুরের বিডিও। পরে ব্লক প্রশাসনের আশ্বাস পেয়ে মহিলারা অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দপুর ব্লকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনকারী অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বেশকিছু মহিলা টাকা পাননি। এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই গোবিন্দপুর-শিবডাঙা রাজ্যসড়কের নয়াদায় অবরোধ করেন ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক মহিলারা। নয়াদা, বেলডাঙা ও ইলামবাজার, মাল্লিকডি সহ গেরিয়াকুলা সহ বেশ কয়েকটি গ্রামের মহিলারা অবরোধে অংশ নেন। দ্রুত অ্যাকাউন্টে টাকা দেওয়ার দাবিতেই বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।
অবরোধে অংশ নিয়ে বেলডাঙা গ্রামের বাসিন্দা জ্যোৎস্না পাত্র বলেন, নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করলেও অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অথচ আমাদের সঙ্গেই আবেদন করা অন্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকে গিয়েছে। যাতে আমরা দ্রুত ওই প্রকল্পের টাকা পায়, তার জন্যই এদিন অবরোধ করি। প্রশাসনের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। তবে জুন মাসের টাকা দিন কয়েকের মধ্যে না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
ইন্দপুর ব্লকের গোবিন্দপুর - বিবড়দা রাজ্য সড়কের নয়াদা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। -নিজস্ব চিত্র