সংবাদদাতা, দুর্গাপুর: প্রথমে বিকট শব্দ, তার পরেই হুড়মুড়িয়ে ধস। চোখের পলকে মাটির গভীরে হারিয়ে গেল সাজানো সংসার। খাট, টিভি, আসবাবপত্র থেকে শুরু করে সঞ্চিত নগদ অর্থ, কিছুই রক্ষা পেল না ভূগর্ভের গ্রাস থেকে। বাড়ির ভিতরে থাকা গৃহকর্তা ও তাঁর সন্তান কোনোক্রমে বাইরে বেরিয়ে আসায় প্রাণে বাঁচেন। কিন্তু কয়েক মুহূর্তের ব্যবধানে কার্যত নিঃস্ব হয়ে গেল একটি পরিবার। শনিবার অণ্ডালের সিঁদুলিতে এই ভয়াবহ ধসের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে খনি সংলগ্ন জনবসতিতে। ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। অন্যদিকে, বারবার বিপর্যয়ের পরেও ইসিএল কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের অভাব নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির গৃহকর্তা রামা ভূঁইয়া ঘরের ভিতরে শুয়েছিলেন। তাঁর স্ত্রী তখন বাইরে। সঙ্গে ছিল সন্তান। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিপদের আশঙ্কা বুঝে কালবিলম্ব না করে সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন রামা। আর তার কিছুক্ষণের মধ্যেই ধসে মাটির গভীরে তলিয়ে যায় গোটা বসতবাড়ি! চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে যায় আশ্রয়স্থল। ঘরের যাবতীয় সামগ্রী ও জমানো টাকা ভূগর্ভে চলে যাওয়ায় কার্যত দিশাহারা ওই পরিবার।
সিঁদুলিতে ধসের ঘটনা ঘিরে উদ্বেগ নতুন নয়। কিছুদিন আগেই খনির ভিতর থেকে মাটির ফাটল দিয়ে বিষাক্ত গ্যাস নির্গমনের অভিযোগে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। নিরাপত্তার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বহু বাসিন্দা। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এবার সরাসরি বসতবাড়ি ধসে যাওয়ায় ফের সামনে এসেছে ভূগর্ভস্থ খনির প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন। বিশেষত, খনি সংলগ্ন জনবসতিতে মাটির স্থিতিশীলতা ও বাসিন্দাদের সুরক্ষা কতটা সুনিশ্চিত, তা নিয়ে সংশয় বাড়ছে। স্থানীয় বাসিন্দা কবিতা রায়ের অভিযোগ, এখানে আগেও একাধিকবার ধসের ঘটনা ঘটেছে। কখনও মাটিতে ফাটল, কখনও বিষাক্ত গ্যাসের নির্গমন, এবার সরাসরি একটি বাড়িই তলিয়ে গেল ভূগর্ভে। স্থানীয়দের দাবি, বিপর্যয়ের আশঙ্কা বারবার দেখা দিলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। রোজ আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে।



