Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বাড়ি দখলের হুমকি, শ্লীলতাহানি, গিরিশ পার্ক থানায় ২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ

ঘরে ঢুকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় গিয়ে বিচার চাইলেন এক অসহায় মা

বাড়ি দখলের হুমকি, শ্লীলতাহানি, গিরিশ পার্ক থানায় ২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরে ঢুকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় গিয়ে বিচার চাইলেন এক অসহায় মা। অভিযোগের তির স্থানীয় দুই বিজেপি কর্মীর দিকে। একইসঙ্গে ঘর দখলের জন্য তরুণীকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে গিরিশ পার্ক থানায়। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। লালবাজার জানিয়েছে, তদন্ত চলছে। 

Advertisement

গত রবিবার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মায়ের অভিযোগ, ওই দিন সকালে আচমকাই বিজেপির দুই স্থানীয় কর্মী ও তাদের শাগরেদরা ঘরে ঢুকে পড়ে। সেই সময় অভিযোগকারিণী বাড়িতে ছিলেন না। স্বামী কলকাতার বাইরে কাজ করেন। তাঁর দাবি, সেই সুযোগে ঘরে ঢুকে তাঁর মেয়ের শ্লীলতাহানি ও তাকে মারধর করা হয়। নির্যাতিতার বয়স ১৮ বছর। উত্তর কলকাতার একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী তিনি। হাত, ঘাড় সহ একাধিক জায়গায় চোট লেগেছে ছাত্রীর। অভিযুক্ত দুই বিজেপি কর্মী ও তাদের শাগরেদরা ঘর ছাড়ার জন্য হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তারা বলেছে, কথা না শুনলে পরিবারের সব সদস্যকে বের করে দিয়ে ঘর দখল করে নেওয়া হবে।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রাই গিরিশ পার্ক থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকেই সরাসরি মেয়েকে নিয়ে থানায় যান মা। বিজেপির দুই কর্মীর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তার ভিত্তিতে শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নির্যাতিতার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২০২১ সালে বাড়িটি কিনেছি। এই বাড়ির একপাশে একটি ক্লাব রয়েছে। এই ক্লাবটি আগে তৃণমূলের দখলে ছিল। তারা ওই ঘরটি দখল করেছিল। সেই সময় ভয়ের কারণেই থানায় কিছু জানাতে পারিনি। সরকার বদলের পর সেই ক্লাব ফাঁকা হয়ে যায়। তখন ওই ঘরে গিয়ে জিনিসপত্র রেখে তালা দিয়ে আসি। তৃণমূল প্রভাবিত ওই ক্লাবের সদস্যরা ইদানীং বিজেপিতে নাম লিখিয়েছে। তারপর তারাই এসে ওই ক্লাবটি ফের নিজেদের দখলে নিতে চাইছে। তাদের বাধা দেওয়ায় ঘরে ঢুকে আমার মেয়ের উপর অত্যাচার করেছে।’ কলকাতা মেডিকেল কলেজে নির্যাতিতাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ