নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজস্থানের কোটায় শনিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বিল্ডিং। আর সেই অভিশপ্ত বিল্ডিংয়ের একটি রেস্তরাঁয় মায়ের সঙ্গে তখন ডিনার করছিলেন কোচবিহারের ছাত্র অনরণ্য কর্মকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেধাবী ওই ছাত্রের। তাঁর মা সুদীপ্তা কর্মকার আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভরতি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কোটায় একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিলেন অনরণ্য (১৮)। তাঁর মা সুদীপ্তাদেবী ও বাবা অভিজিৎ কর্মকার মাঝেমধ্যে ছেলের কাছে যেতেন। ঘটনার রাতে তাঁর মা সঙ্গে থাকলেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী অভিজিৎবাবু ক’দিন আগে সেখান থেকে ফেরেন। শনিবার রাতে ওই খবর পেয়ে রবিবার ভোরের বিমানে রাজস্থানে যান।



