নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক। সকাল ৯ টা। রীতিমতো ব্যস্ততা শুরু হয়ে গেছে রাস্তায়। ক্রমশ ভিড় বাড়ছিল অফিস যাত্রীদের যাতায়াতের। তার মধ্যেই ছন্দপতন। রায়নার গোপালপুর মোড়ে হঠাৎই উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ তীব্র গতিতে আরামবাগের দিক থেকে ছুটে আসছিল বাসটি। গোপালপুরে মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যদিকে গিয়ে উল্টে যায় বাসটি। বাস তখন যাত্রীতে ঠাসা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারের কাজে। গুরুতর আহত অবস্থায় ১৬ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিনই বেপরোয়া ভাবে যাতায়াত করে বাস-লরি। প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি। চালকের দাবি হঠাৎই গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় বাসটি উল্টে যায়। রাস্তার মাঝে বাস উল্টে যাওয়ায় তৈরি হয় ব্যাপক যানজট।



