দুবরাজপুরে শাল নদীর সেতু বিপজ্জনক, বাস ও ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়কে দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে শাল নদীর ব্রিজে বাস ও ভারী যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। আগামী ১২নভেম্বর পর্যন্ত ওই ব্রিজের উপর দিয়ে কোনো ভারী গাড়ি যাতায়াত করতে পারবে না। আপাতত শুধুমাত্র ছোটো চারচাকা গাড়ি ওই ব্রিজ দিয়ে যাতায়াতের অনুমতি পেয়েছে। যানজট এড়াতে বাস এবং পণ্যবাহী ভারী গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে জাতীয় সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের একাংশে ফাটল এবং ধস লক্ষ্য করা যায়। বিপদের আঁচ পেয়ে সেই সময় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বিপদজ্জনক অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে ধসে যাওয়া সেই অংশের মেরামতির কাজ সম্পন্ন করা হয়েছে। সদ্য মেরামত হওয়া অংশে যাতে এখনই অতিরিক্ত চাপ না পড়ে, মূলত সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে ভারী গাড়ি চলাচলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু ওই নির্দিষ্ট অংশের মেরামতিই নয়, ব্রিজের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে ব্রিজের উপর বিভিন্ন জায়গায় ড্রিলিং করে এই পরীক্ষা চালাচ্ছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের হয়রানি ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ করেছে জেলা পুলিশ প্রশাসন। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় আগেভাগেই ব্যানার লাগিয়ে রাস্তা বন্ধ বা বিকল্প রুটের কথা চালকদের জানিয়ে দেওয়া হয়েছে। শাল নদীর ব্রিজের উপর দিয়ে যাতে নির্দেশিকা অমান্য করে কোনোভাবেই বাস বা ভারী যান চলাচল করতে না পারে তারজন্য ওই এলাকায় দিনরাত কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
                                                 নিজস্ব চিত্র