সংবাদদাতা, দুর্গাপুর: রাস্তার গর্তে জমে থাকা জল ছিটকে পড়াকে কেন্দ্র করে বিবাদ। তার জেরেই পাওয়ার গ্রিডের এক কর্মীর মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইউটিউব ব্লগার মৌটুসী মণ্ডল ও তাঁর সহযোগী অনিল রায়ের বিরুদ্ধে। ঘটনায় দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের ১০ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এমএএমসি এলাকায় রাস্তার গর্তে জমে থাকা জল ছিটকে যাওয়াকে কেন্দ্র করে ওই কর্মীর সঙ্গে ধৃতদের বচসার সূত্রপাত। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই ওই কর্মীর উপর চড়াও হয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনার পর আক্রান্ত কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চণ্ডীদাসের বাসিন্দা মৌটুসী মণ্ডল ও ফুলঝোরের বাসিন্দা অনিল রায়কে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার আদালতে পেশ করা হলে দু’জনকেই ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশে মৌটুসী মণ্ডলকে আসানসোল সংশোধনাগার এবং অনিল রায়কে দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে পাঠানো হয়েছে।



