কিয়েভ, ৬ অক্টোবর: ফের উত্তপ্ত কৃষ্ণসাগর। একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে পরপর দু’টি ড্রোন আছড়ে পড়ার ঘটনায় দাউ দাউ করে আগুন ধরে যায় বলে খবর। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক জন। তাঁদের মধ্যে রয়েছেন এক ভারতীয় নাগরিকও।
জানা গিয়েছে, তুরস্কের ওই জাহাজটি কৃষ্ণসাগর দিয়ে ভুট্টা নিয়ে যাচ্ছিল। হামলার পর জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এরপর জাহাজ থেকে মোট ১১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে অন্তত এক জন আহত হন এবং চিকিৎসার জন্য রোমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ঘটনার পর ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, জাহাজের ক্রুদের মধ্যে মোট তিন জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে এক জন আহত হয়েছেন। তবে চিকিৎসাধীন তিন ভারতীয়ই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দূতাবাস।
রোমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র আহত ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি কনস্টান্টা কাউন্টি হাসপাতালের প্রধান চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ভারতীয়ই সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস।
তবে হামলায় নিহত দু’জনের পরিচয় এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কৃষ্ণসাগরের নিরপেক্ষ জলসীমায় ভুট্টাবাহী ওই বেসামরিক জাহাজে দু’টি রুশ ড্রোন হামলা চালায়। জাহাজটিতে আজারবাইজান ও ভারতের নাগরিক ছিলেন বলেও জানান তিনি। জেলেনস্কির দাবি, হামলায় জাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন। আরও এক জনের অবস্থা এখনও নিশ্চিত নয়। এই হামলার জেরে ফের প্রশ্নের মুখে পড়েছে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এই গুরুত্বপূর্ণ জলপথে একের পর এক হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব ফেলছে।