বেসরকারি হাতে হাসপাতাল, কর্মহীন প্রায় ২০০ ঠিকাকর্মী
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় কলকাতা বন্দরের শতবার্ষিকী হাসপাতালে কর্মরত প্রায় ২০০ জন চুক্তিবদ্ধ ও ঠিকাদার নিযুক্ত শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। গত রবিবার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের অধীনস্থ হাসপাতালে বেসরকারিকরণের নোটিস টাঙানো হয়। শ্রমিকদের অভিযোগ, রবি ও সোমবার হাসপাতালে প্রবেশ করতে গেলে তাঁদের কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রবেশ করতে বাধা দেয়। সেখানেই বিক্ষোভ দেখায় ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন। মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর মণ্ডল বলেন, ‘শ্রম মন্ত্রকের ডেপুটি লেবার কমিশনার আগামী ২০ তারিখ সময় দিয়েছিলেন। হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ১৯ তারিখ। তার আগেই রবিবার নার্স সহ শ্রমিকদের কাজে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। রবিবার যাঁদের ছুটি ছিল, তাঁরা সোমবার যান। তাঁদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি।’ তাঁর আরও বক্তব্য, ‘বরখাস্তের চিঠি আগেই দিয়েছিল। আদালতে মামলা চলার কারণে কাজ করছিলেন তাঁরা। কোভিডের সময় যাঁরা এতকিছু করল, আজ তাঁরাই কর্মহীন। কিছু লোককে হয়তো রাখবে।’ এখন কোর্ট, লেবার কমিশনের দিকেই তাকিয়ে রয়েছেন শ্রমিকরা।

Advertisement