নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগন্নাথঘাট ফুলবাজারের দুরবস্থা নিয়ে সোমবার উদ্যানপালন দপ্তরে এক জরুরি বৈঠক করেন ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী। স্থানীয় বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক। ‘সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক এদিন এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারি তরফে বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে আমাদের সদর্থক কিছু পদক্ষেপ করার কথা বলা হয়।’ ফুল ব্যবসায়ীদের বক্তব্য, সরকারি তরফে সহযোগিতা না পেলে ফুল বাজারের দুরবস্থা কোনোমতেই মেটানো সম্ভব নয়। তাই তাঁরা সরকারের ওই পদক্ষেপের জন্যই অপেক্ষা করছেন। ফুল বাজার সমিতি সূত্রে জানা গিয়েছে, কলকাতার জগন্নাথঘাট ফুলবাজার নানা সমস্যায় জর্জরিত। কিছুদিন আগেই এ বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও হর্টিকালচার দপ্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি পেশ করা হয়। দুই দপ্তর থেকেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস মিলেছিল। সোমবার সরকারি তরফে এনিয়ে বৈঠক হওয়ায় ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। ফুলবাজার সূত্রে খবর, প্রতিদিন এই বাজারে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫ হাজার ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কেনাবেচার জন্য আসেন। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারটি আয়তনে খুব ছোটো হওয়ায় তাঁরা স্ট্র্যান্ড ব্যাংক রোডের দু’ধারে বসে ফুল কেনাবেচা করতে কার্যত বাধ্য হন।



