ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভৌতিক বাড়িগুলো নিয়ে অনেক ভয়ের ও অতিপ্রাকৃত অভিজ্ঞতার গল্প হয়তো শুনেছেন আপনি। সেই অভিজ্ঞতাগুলোর কিছু কাহিনি জনসমক্ষে আনার জন্যই তৈরি হয়েছে ‘দ্য রেসিডেন্ট’ নামক ফ্র্যাঞ্চাইজি। তার প্রথম ছবিটি তৈরি। পরিচালনায় রিঙ্গো ব্যানার্জি। শিমলার দুখানি হাউস-এ প্যাটেল পরিবার যে অতিপ্রাকৃত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, সেই সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। পরিচালক বলেন, ‘একটি হরর ফ্র্যাঞ্চাইজি তৈরি করাটা আমার লক্ষ্য ছিল। যেখানে আমরা ভারতের বিভিন্ন ভৌতিক বাড়িতে বসবাসরত মানুষের আসল অতিপ্রাকৃত অভিজ্ঞতা তুলে ধরতে পারব। এই গল্পগুলো বাস্তব জীবনের ঘটনা। তা আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপনা করা হয়েছে। ভয়ের দৃশ্যগুলো শ্যুট করাটা ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। পরিকল্পনার সময় থেকেই আমাকে খুব সতর্ক থাকতে হয়েছিল, কারণ এই ঘরানার নির্দিষ্ট কিছু চাহিদা ও কাঠামো থাকে।’ এই ছবিতে অভিনয় করেছেন শন বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চৌধুরী, প্রত্যুষা রোসলিন, রাইমা ঘোষ, রানা বসু ঠাকুর, তপস্যা দাশগুপ্ত, শুভার্থী বিশ্বাস প্রমুখ। সৃজনশীল সহযোগিতায় সুগত গুহ। প্রযোজনায় ঐন্দ্রিলা বন্দোপাধ্যায়।



