Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভাইজাগ স্টিল প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা, গলিত লোহায় মৃত ৮

ভাইজাগ স্টিল প্লান্টে গলিত লোহার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ কর্মীর। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন। বিস্তারিত পড়ুন।

ভাইজাগ স্টিল প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা, গলিত লোহায় মৃত ৮
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশাখাপত্তনম: লেডল ভেঙে কর্মীদের উপর পড়ল প্রায় ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহা। সোমবার অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের ভাইজাগ স্টিল প্লান্টে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত আট জনের। জখম আরও কয়েকজন। জানা গিয়েছে, উৎপাদন প্রক্রিয়া চলার সময়ই স্টিল মেলটিং শপে (এসএমএস) দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই কারখানার ওই অংশে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। 

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। গলিত ধাতু বহনকারী একটি লেডলের সঙ্গে যুক্ত বাকেট ভেঙে পড়েছিল। ফলে গলিত লোহা মেঝেয় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আপৎকালীন নিরাপত্তাকর্মী ও দমকল আধিকারিকরা। বাকি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর দাবি, ঘটনাস্থল থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তা নিশ্চিত করেনি কারখানা কর্তৃপক্ষ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পরিস্থিতি মোকাবিলায় কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকদের টেলিফোনে নির্দেশ দেন তিনি। রাজ্যের সবকটি দপ্তরকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিথা। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডিও। নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। ছবি: পিটিআই

সম্পর্কিত সংবাদ