নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার হুগলির মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে আয়োজিত হল আরও একটি অনুষ্ঠান। হোড়াপঞ্চমী নামে ওই অনুষ্ঠান এদিন জাঁকজমকের সঙ্গে পালিত হয়। জগন্নাথদেবকে মাসির বাড়ি থেকে ফেরাতে এদিন পালকি করে লক্ষ্মীদেবীকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। মশাল জ্বেলে পালকি সহ লক্ষ্মীদেবী কুঞ্জবাটিতে গিয়ে জগন্নাথকে বশীকরণ করেন। কিন্তু জগন্নাথ এদিনও মাহেশ মন্দিরে ফেরেননি। রাগে লক্ষ্মীদেবী জগৎপ্রভুর রথের একটি অংশ ভেঙে দিয়ে ফিরে আসেন। জগন্নাথ মন্দিরের সেবায়েত পিয়াল অধিকারী বলেন, ৫ জুলাই উল্টোরথ। অর্থাৎ জগন্নাথ প্রভু সেদিন মন্দিরে ফিরবেন। তার আগে এদিন সরষে পোড়া দিয়ে বশীকরণ বা হোড়াপঞ্চমী উৎসব পালিত হয়েছে। সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে। অনেক ভক্ত সমাগম হয়েছিল। দেবী লক্ষ্মীর সরষে পোড়া অনেকেই বাড়ির শুভ অনুষ্ঠানের জন্য সংগ্রহ করেছেন।



