সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র সীমিত ওভারের ক্রিকেটে নিয়মরক্ষার ম্যাচে হাওড়ার কাছে দাঁড়াতেই পারল না দক্ষিণ ২৪ পরগনা। বুধবার বর্ধমান শহরের রাধারানি স্টেডিয়ামে তাদের ১০৭ রানে হারিয়ে দেয় হাওড়া জেলা। এই গ্রুপ থেকে দু’টি ম্যাচ জিতে পরের পর্বে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে মালদহ। ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে বহু খেলোয়াড় রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু, এবার সীমিত ওভারের সিনিয়র ক্রিকেটে পরপর দু’টি ম্যাচে তাদের হার অনেককেই বিস্মিত করেছে। মালদহের কাছে প্রথম খেলায় তারা হেরে যায়। বুধবার বর্ধমান শহরের রাধারানি স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় তারা হাওড়ার কাছে ১০৭ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করে হাওড়া ৪৪.৩ ওভারে সব ক’টি উইকেট খুইয়ে ১৭৪ রান তোলে। দলের হয়ে অভয় চৌহান ৮৯ বলে ৫২, ওমকুমার দুবে ২৭ এবং স্টালিং ঘোষ ২৫ রান করেন। দক্ষিণ ২৪ পরগনা হয়ে মহম্মদ নওসাদ সাগির ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। জিতেন্দর সাউ ২৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। স্বপ্ননীল সেন ও শোয়েব আকতার যথাক্রমে ২৫ ও ৩৯ রান দিয়ে দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের দু’জন মাত্র ব্যাটার দু’অঙ্কের রান করেন। অধিনায়ক দেবাঘ্নি বসু ১৫ এবং জীতেন্দ্র সাউ ১০ রান করেন। হাওড়ার কুশল গুপ্ত ৬.৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫টি উইকেট নেন। কওসর আনসারি ১১ রান দিয়ে ২টি উইকেট পান।



