Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

লিগ জয়ের আশা উজ্জ্বল হল: ব্রুজোঁ

‘প্রজন্ম থেকে প্রজন্মান্তর, অবিরাম রক্তক্ষরণের আজ এই শেষ প্রহর’— রবিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গল গ্যালারি থেকে ঢাউস টিফো নেমেছিল।

লিগ জয়ের আশা উজ্জ্বল হল: ব্রুজোঁ
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা; ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তর, অবিরাম রক্তক্ষরণের আজ এই শেষ প্রহর’— রবিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গল গ্যালারি থেকে ঢাউস টিফো নেমেছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তার মান রাখতে পারেননি  মিগুয়েল, রশিদরা। আশা জাগিয়েও আইএসএল ডার্বিতে মোহন বাগানকে হারাতে ব্যর্থ অস্কার ব্রুজোঁর দল। ম্যাচের ফল ১-১। অবশ্য এই ড্রয়ের পরও ইস্ট বেঙ্গলের লিগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কারণ, সবুজ-মেরুন ব্রিগেডের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে এজেজ্জারিরা। এদিন ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েন বিপিন সিং। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীর জলশূন্য হয়ে যাওয়াতেই সমস্যা। 

Advertisement

ম্যাচ শেষে অস্কার ব্রুজোঁ বলেন, ‘আমরা অ্যাডভান্টেজে রইলাম। কারণ গোল পার্থক্যে এগিয়ে ইস্ট বেঙ্গল। আমাদের সুযোগ অনেক পরিষ্কার।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘এদিন আমরা পরিকল্পিত পথেই খেলেছি। শেষ ম্যাচ জিতেই ট্রফি ঘরে তুলব।’ মুখে যাই বলুন, ব্রুজোঁর দল নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। চলতি লিগে ১০ গোল করা ইউসেফ এজেজ্জারিকে  প্রথম এগারোয় না রাখা যুক্তিহীন। কারণ  খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরাও।
ডার্বিতে দীর্ঘদিন পর ইস্ট বেঙ্গল গ্যালারি কানায় কানায় ভর্তি ছিল। বিপিনরা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ১৪ বা ২২ মিনিটেই লাল-হলুদ সেলিব্রেশন শুরু হয়ে যেতে পারত। কিন্তু গোল মিসের প্রদর্শনীতে জয় মাঠে ফেলে এল ব্রুজোঁ-ব্রিগেড। ট্রফির জন্য অপেক্ষা তাই বাড়ল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে সেজন্য শুরুতেই সমর্থকদের ধন্যবাদ জানালেন কোচ অস্কার। তাঁর মন্তব্য, ‘ফল যাই হোক, আজ জিতেছেন সমর্থকরা। তাঁদের উৎসাহ কাজে লাগাতে না পারার দায় মাথা পেতে নিচ্ছি। আমার চোখে সমর্থকরাই ম্যান অব দ্য ম্যাচ।’ উল্লেখ্য, খেলা দেখতে এদিন যুবভারতী ক্রীড়াঙ্গণে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
ইস্ট বেঙ্গল: গিল, রাকিপ, সিবলে, আনোয়ার, জয়, রশিদ, জিকসন, মিগুয়েল, বিষ্ণু (এডমুন্ড), বিপিন ও সোয়বার্গ (এজেজ্জারি)।
মোহন বাগান: বিশাল, অভিষেক, আলড্রেড (রবসন), আলবার্তো (কামিংস), শুভাশিস, আপুইয়া (টাংরি), অনিরুদ্ধ, সাহাল (দিমিত্রি), লিস্টন, মনবীর (মেহতাব) ও ম্যাকলারেন।

সম্পর্কিত সংবাদ